• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রয়োজনে ঐকমত্যের সরকার গঠনের কথা ভাবতে পারে বিএনপি: আমীর খসরু

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৬
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩৬

9652259

প্রয়োজনে ঐকমত্যের সরকার গঠনের কথা ভাবতে পারে বিএনপি: আমীর খসরু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি প্রয়োজনে ঐকমত্যের সরকার গঠনের কথা ভাবতে পারে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের মেহেদিবাগের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘বিএনপি প্রয়োজনে ঐকমত্যের সরকার গঠনের কথা ভাবতে পারে। কারণ ৪২টি দল মিলে ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে তারা জনগণের কাছে দায়বদ্ধ। তারেক রহমানের রাজনৈতিক পরিকল্পনার সঙ্গে যারা সংহতি প্রকাশ করবে, তাদের সঙ্গে আলোচনা হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয়ভাবে নেওয়া হবে।’

এ সময় তিনি নির্বাচিত হলে চট্টগ্রাম-১১ আসনে ১১টি অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

আমীর খসরু বলেন, ‘দেশে এখন ভোট উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। দীর্ঘ সময় পর নতুন প্রজন্ম ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে।’

চট্টগ্রাম বন্দরের অচলাবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘একটি দেশের উন্নয়নে বন্দরের কার্যকারিতা গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারীরা বন্দরের টার্ন অ্যারাউন্ড টাইম, ডেলিভারি টাইম ও পরিচালন দক্ষতা বিবেচনায় নেন। এসব সূচকে উন্নতি এনে চট্টগ্রামকে বৈশ্বিক মানে উন্নীত করা হবে।’

বিএনপি ক্ষমতায় গেলে চট্টগ্রামকে ‘লজিস্টিক্যাল হাব’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ভোটের দিন শঙ্কা প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচনি প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বানও জানান তিনি।’

ঐকমত্যের সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকার গঠনের ক্ষেত্রে দর্শনগত মিল ও ভবিষ্যৎ কর্মসূচিতে একমত হওয়া প্রয়োজন। ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ দলগুলোর সঙ্গে আলোচনা হতে পারে।’

হ্যাঁ-না ভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না। দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়।’

শেখ হাসিনার বিচার প্রসঙ্গ নিয়ে নির্বাচনি সময়ে আলোচনা না হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন মূলত ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনের বিষয়। অতীতের মতো এবারও জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে বলে আমরা বিশ্বাস করি। অতীতে যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছে জনগণ তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে। ভবিষ্যতেও একইভাবে ক্ষমতায় আসার চেষ্টা করলে বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এবং ব্যালটের মাধ্যমে জনগণ তাদের জবাব দেবে।’

ভোট কারচুপির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিষয় উঠে আসছে। তারা ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে, এনআইডি কার্ড নিয়ে যাচ্ছে, বিকাশে টাকা পাঠানোর জন্য মোবাইল নম্বর নিচ্ছে। এসব করে তারা কিছু করতে পারবে না। কারণ জনগণ এখন অনেক সচেতন। জনগণকে সহজে বিভ্রান্ত করা যাবে না।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com