জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর উত্তর বাড্ডায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম মুনিরা মাহজাবিন মিমো (২৬)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।
রবিবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা সিদ্দিকা সোমা জানান, সকালে খবর পেয়ে পুলিশ উত্তর বাড্ডা ১০ নম্বর লেনের ৫৯০ নম্বর বাসার উদয়ন ম্যানশনের ৯ তলার একটি কক্ষ থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত মিমোর মা তাহামিনা আক্তার জানান, তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি বলেন, মরদেহের পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেছে বলে তারা জেনেছেন।
পরিবারের দাবি অনুযায়ী, ওই সুইসাইড নোটে লেখা ছিল, “সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।”
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও একজন শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মা আরও জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর থানার ডাইয়ারচর গ্রামে। মুনিরা মাহজাবিন মিমোর বাবার নাম মো. গোলাম মোস্তফা। পরিবারে তিনি দুই মেয়ের মধ্যে একজন ছিলেন।












