বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশের উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বিএনপির ভালো লাগে না। ষড়যন্ত্র পরিহার করে নির্বাচনের পথে আসুন। নাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে আপনাদেরকে কীভাবে শৃঙ্খলায় আনতে হবে। কোন দেশের নিষেধাজ্ঞা দিয়ে কোন লাভ হবে না।
বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি প্রাঙ্গণে শিক্ষার্থী অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নানক বলেন, আজকে শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাদের ভালো লাগছে না। তাদের আন্তর্জাতিক মোড়ল রয়েছে। যারা আমার স্বাধীনতার বিপক্ষে, সপ্তম নৌবহর পাঠিয়ে স্বাধীনতাকে পণ্ড করে দিতে চেয়েছিল, তাদেরও ভালো লাগে না।
দুনিয়ার কোন দেশের রক্তচক্ষু বা নিষেধাজ্ঞা দিয়ে কোন লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, এ বাঙালি জাতি অদম্য। এগিয়ে যেতে জানে। এ বাঙালি শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জয় করেছে এই বাঙালি জাতিকে কোন ভয় দেখিয়ে লাভ হবে না।
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালিকে স্বাধীন ভূখণ্ড উপহার দিয়েছেন। এই ভূখণ্ডের স্বাধীনতা কোন দলের দস্তাবেজ ধরে আসেনি। এই ভূখণ্ডের স্বাধীনতা প্রেমপত্রের মধ্যদিয়ে আসেনি। এর জন্য বঙ্গবন্ধুকে দীর্ঘ ২৩ বছর সংগ্রাম করতে হয়েছে। বার বার মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। ফাঁসির কাষ্ঠে যেতে হয়েছে। আমরা সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছি। সেই সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, মুক্তি হয়েছিল। আজ আমরা স্বাধীন দেশের নাগরিক।
জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকে যারা বড় বড় কথা বলে, বাঙালি যদি হেসে খেলে বেড়ায় তাদের ভালো লাগে না। যাদের ভালো লাগে না তারা পাকিস্তানের প্রেতাত্মা।
তিনি বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের উপর এখন অত্যাচার নির্যাতন চলছে। সাবেক বিশ্বসেরা ক্রিকেটার ইমরান খান গ্রেফতার হয়ে মুক্তি পেয়ে বলেন, বাঙালির উপর ১৯৭১ সালে পাকিস্তানের সেনাবাহিনী নির্মম নির্যাতন করেছে। যেটি ছিল অন্যায়, অবিচার। পাকিস্তানের জনগণও এখন চায় সিঙ্গাপুর না হয়ে বাংলাদেশ হতে।
এ সময় একাডেমীর গভর্নিং বোর্ডের সভাপতি প্রফেসর আবদুস সালাম হাওলাদারের সভাপতিত্বে শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।












