• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোটে জয়ী হলে এলাকার মানুষের কাছে জবাবদিহি থাকার প্রতিশ্রুতি: রবিন

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৭
আপডেট: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:০৭

96523985 1

ভোটে জয়ী হলে এলাকার মানুষের কাছে জবাবদিহি থাকার প্রতিশ্রুতি: রবিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢাকা–৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন বলেছেন, ভোটে জয়ী হলে তিনি এলাকার মানুষের কাছে সরাসরি জবাবদিহির মধ্যে থাকবেন। এলাকাবাসী যখন চাইবেন, তখন তাঁকে প্রশ্ন করতে পারবেন, শাসন করতে পারবেন, পরামর্শ দিতে পারবেন।

তিনি বলেন, জনগণের দেওয়া ভোট তাঁর কাছে একটি আমানত, এই আমানতের কোনো খেয়ানত তিনি করবেন না।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর কদমতলী থানাধীন ৫৯ নম্বর ওয়ার্ড মোহাম্মদবাগ বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচন পথসভায় তিনি এসব কথা বলেন।

রবিন বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে কর্মসংস্থান সংকটে ভুগছে। চাকরি না পেয়ে এলাকার মেধাবী তরুণ ও যুবকদের দূরদূরান্তে যেতে হচ্ছে। অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, কেউ কেউ মাদকাসক্ত হচ্ছে এবং কেউ কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

তিনি আরও বলেন, এলাকায় শিশু-কিশোরদের জন্য পাঠাগার নেই, খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ নেই, পরিবার নিয়ে সময় কাটানোর মতো কোনো মনোরম পরিবেশও নেই। বুড়িগঙ্গা নদীর তীর কিংবা এলাকার খাল-বিলগুলো মানুষের জন্য উপযোগী করে গড়ে তোলা হয়নি। তাঁর অভিযোগ, অপরিকল্পিত উন্নয়নের কারণে এলাকাবাসী এসব সুযোগ থেকে বঞ্চিত।

নাগরিক সেবার প্রসঙ্গে তানভীর আহমেদ রবিন বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় বসবাস করলেও এলাকাবাসী নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ গ্যাস, বিদ্যুৎ ও ওয়াসার বিল পরিশোধ করছে। কিন্তু সেবার ক্ষেত্রে তারা চরমভাবে বঞ্চিত।

তিনি বলেন, স্বাস্থ্যকেন্দ্র থাকলেও এলাকার মানুষ প্রয়োজনীয় প্রাথমিক সেবা পাচ্ছে না। কমিউনিটি সেন্টার, খেলার মাঠ বা সামাজিক অনুষ্ঠান আয়োজনের মতো কোনো সিটি করপোরেশনের অবকাঠামো নেই বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ঢাকার আসন গুলোর মধ্যে ঢাকা–৪ আসন অর্থনৈতিক ও নাগরিক সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে। এর একটি প্রধান কারণ হিসেবে তিনি বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন।

তানভীর আহমেদ রবিন বলেন, অতীতে দলীয়করণের কারণে এলাকার সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ ভেঙে পড়েছে। এলাকার মুরুব্বিদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে, তাঁদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। একই সঙ্গে আলেম সমাজকে হয়রানি ও অপমান করা হয়েছে।

গ্যাস ও পানির সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, এলাকায় এক সপ্তাহ থেকে শুরু করে ১০ দিনের বেশি সময় ধরে গ্যাস থাকেনা। ১৯৯১ সালে বিএনপি সরকারের সময় এই এলাকায় গ্যাস লাইন ও পানির পাম্প স্থাপন করা হয়েছিল। কিন্তু গত ১৮ বছরে নতুন করে উল্লেখযোগ্য কোনো পানির পাম্প স্থাপন করা হয়নি।

এলাকার শিল্পকারখানার প্রসঙ্গে তানভীর আহমেদ রবিন বলেন, একসময় এখানে ৪২টি ডাই ইন্ডাস্ট্রি চালু ছিল, বর্তমানে তা কমে ১৮টিতে দাঁড়িয়েছে। সরকারি হয়রানি ও নীতিগত সমস্যার কারণে অনেক শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলে তিনি দাবি করেন। নির্বাচিত হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মালিকদের সঙ্গে আলোচনা করে এসব শিল্পকারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলা, কর্মসংস্থান, পরিবেশ ও ধর্মীয় মূল্যবোধ এই খাতগুলোতে বাস্তবভিত্তিক পরিকল্পনা রয়েছে। এলাকার উন্নয়নে তিনি ২০টি অঙ্গীকার করেছেন, যা এলাকার মানুষের প্রত্যাশা ও চাহিদার প্রতিফলন।

নির্বাচন প্রসঙ্গে তানভীর আহমেদ রবিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে দেশবাসী। তিনি ভোটারদের গুজবে কান না দিয়ে, পরিবার-পরিজন ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, তিনি এই এলাকার সন্তান এবং এলাকাবাসীর কাছে দায়বদ্ধ। ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে সেবার সুযোগ দিলে তিনি মানুষের দেওয়া ভোটের মর্যাদা রক্ষা করবেন এবং এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com