• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মহানগর ও জেলায় মানববন্ধন কাল ঢাকায় মানব প্রাচীর গড়তে চায় বিএনপি

প্রকাশ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৫:৩৬
আপডেট: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৫:৩৬

bnp 4

মহানগর ও জেলায় মানববন্ধন কাল ঢাকায় মানব প্রাচীর গড়তে চায় বিএনপি

সরকার পতনসহ ১০ দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল শনিবার বিএনপি সারাদেশের সব সাংগঠনিক মহানগর ও জেলায় মানববন্ধন করবে। বরাবরের মতো এ কর্মসূচি সফলেও ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। এর মধ্যে ঢাকা মহানগরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মানববন্ধন কর্মসূচিকে মানব প্রাচীরে পরিণত করার লক্ষ্য নিয়েছে বিএনপি। দলটির সঙ্গে ওই দিন সমমনা অন্যান্য জোট, দল ও সংগঠন একই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। মানববন্ধন থেকে ১৮ মার্চ-পরবর্তী নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
বিএনপি কর্মসূচি সফলে মহানগর ও জেলা পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করেছে। ঢাকা মহানগর দক্ষিণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং উত্তরে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন উপস্থিত থাকবেন। এর বাইরে সব মহানগর ও জেলার কর্মসূচিতেও কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম জানান, শান্তিপূর্ণ আন্দোলনে শুধু বিএনপির নেতাকর্মী নয়, গণতন্ত্রপ্রিয় দেশপ্রেমিক জনগণ অংশ নেবেন।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে মানববন্ধন। ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আব্দুল্লাহপুর (টঙ্গী ব্রিজ) থেকে শুরু হয়ে বিমানবন্দর, যমুনা ফিউচার পার্ক, বাড্ডা, রামপুরা, আবুল হোটেল হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে মৌচাক, শান্তিনগর, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, টিকাটুলী হয়ে যাত্রাবাড়ী পর্যন্ত হবে। বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগরের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মানববন্ধনে অংশ নিতে বলা হয়েছে।

ঢাকা মহানগর বিএনপির নেতারা জানান, দুই মহানগরের উদ্যোগে ওই দিন ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হবে। কর্মসূচি সফলে প্রতিদিনই ঘরোয়া বৈঠক, প্রচার-প্রচারণা ও প্রস্তুতি সভা করা হচ্ছে। কেন্দ্রীয় বিএনপির নেতাদের মধ্যে মহানগর উত্তরে ৩১ ও দক্ষিণে ৩৪ নেতাকে বিভিন্ন স্থানের দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক জানান, কর্মসূচি সফলে তাঁরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন। ব্যাপক লোকসমাগম আশা করছেন তিনি।

বিএনপির একাধিক সিনিয়র নেতা জানান, ঘোষিত কর্মসূচিতে প্রত্যেক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে চান হাইকমান্ড। এ জন্য দায়িত্বশীল নেতাদের ধারাবাহিক অনুপস্থিতির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে বুধবার মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড কমিটির সহসভাপতি কেএম শামসুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগে মহানগর উত্তরের পল্লবী থানা বিএনপির আহ্বায়ক সাজ্জাদ হোসেনকেও অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়েও কারও দায়িত্বে অবহেলা পেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানান তাঁরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com