জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জুলাই হত্যাকাণ্ড ও শরিফ ওসমান হাদি খুনের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তাদের দল সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে।
রবিবার (১ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ প্রাঙ্গণে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংস্কার বাস্তবায়নের লক্ষ্যে সংসদ অধিবেশনে একটি সংস্কার পরিষদ গঠন করতে হবে এবং সদস্যদের শপথ গ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদের সব অপকর্মকে বৈধতা দেওয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রতারণার আশ্রয় না নিয়ে সরকারকে অবশ্যই জুলাই সংস্কার পরিষদের শপথের ব্যবস্থা করতে হবে। তিনি দাবি করেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অপকর্মকে সমর্থন দিয়েছেন এবং জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন, তার ভাষণের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না।
এসময় বাংলাদেশ খেলাফত মজলিস–এর আমির মাওলানা মামুনুল হক বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের ঐতিহাসিক অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং গাদ্দারি ও প্রতারণার রাজনীতিকে বিতাড়িত করতে হবে।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক ও ইফতার অনুষ্ঠানের সভাপতি তারিকুল ইসলাম বলেন, দেশের যুবসমাজকে কর্মমুখী করতে অর্থনীতিকে ঢেলে সাজানো জরুরি। যুবশক্তির ঘোষিত সাত দফা ইশতেহার বাস্তবায়ন করা গেলে তরুণ প্রজন্ম দেশের অর্থনীতিতে অভাবনীয় অবদান রাখতে পারবে বলে তিনি মত দেন।
যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্যসচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুবশক্তির সদস্যসচিব জাহেদুল ইসলাম, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান এবং শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকিরসহ অনেকে।













