• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সবার আগে বাংলাদেশ নয়, এখন সবার আগে বিএনপি : সংসদে জামায়াত এমপি

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১:০৮
আপডেট: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১:০৮

960002 8

সবার আগে বাংলাদেশ নয়, এখন সবার আগে বিএনপি : সংসদে জামায়াত এমপি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসে বিএনপি এখন নিজেদের আখের গোছাতে ব্যস্ত এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের পরিবর্তে ‘সবার আগে বিএনপি’ নীতিতে চলছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নীলফামারী-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে বলেছিল ‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ– সবই এখন দলীয়করণ করা হচ্ছে। এমনকি আমার এলাকায় পেট্রোল পাম্পে তেল নিতে গেলে বিএনপির নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়। জনগণ এখন বলছে, সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপির নেতাকর্মীরা।’

তিনি আরও মন্তব্য করেন, বিএনপির স্লোগান ‘প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ’ রাতারাতি পরিবর্তন হয়ে এখন ‘জীবন-মরণ সংবিধান’ তত্ত্বে রূপ নিয়েছে।

জ্বালানি তেলের তীব্র সংকটের কথা তুলে ধরে জামায়াতের আরেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমি ঢাকায় তিনটি পাম্প ঘুরে তেল পাইনি। আমার নির্বাচনী এলাকায় তিন-চার কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের লাইন দেখা গেছে। অথচ বলা হচ্ছে কোনো সমস্যা নেই।’ সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে উল্লেখ করে তিনি সতর্ক করেন যে যেকোনো ধরনের বিস্ফোরণের জন্য সরকারই দায়ী থাকবে।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নারায়ণগঞ্জ-২ আসনের সদস্য মো. নজরুল ইসলাম আজাদ বলেন, জুলাই আন্দোলন ছিল দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত পর্ব, যার নেতৃত্ব দিয়েছেন জননেতা তারেক রহমান। এটি হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। একই সুরে সুনামগঞ্জ-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রশংসা করে বলেন, তারেক রহমানের নির্দেশনায় এই কার্যক্রম শুরু হয়েছে, যা নারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম স্বাস্থ্যখাতের বেহাল দশা তুলে ধরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালে ইসিজি বা ডায়াবেটিস চেক করার মেশিনও নেই। ‘আধুনিক হাসপাতাল’ না লিখে ‘আধুনিক গরু’ লিখে দিলে ভালো হতো। তিনি শেয়ারবাজার কেলেঙ্কারির কথা স্মরণ করিয়ে দিয়ে অর্থমন্ত্রীকে বিশেষ অভিযান চালানোর অনুরোধ জানান। সুনামগঞ্জ-২ আসনের নাছির চৌধুরীও স্বাস্থ্যখাতের করুণ দশা তুলে ধরে দ্রুত ডাক্তার ও নার্স নিয়োগের দাবি জানান।

নওগাঁ-১ আসনের সদস্য মো. মুস্তাফিজুর রহমান তার বক্তৃতায় সাপাহারকে ‘আমের রাজধানী’ হিসেবে ঘোষণা করার দাবি জানান। তিনি আম চাষিদের সুবিধার্থে হিমাগার ও গবেষণা কেন্দ্র স্থাপনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

সংসদ অধিবেশনে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় বিরোধী ও সরকারি দলের সদস্যদের মধ্যে যুক্তিতর্ক চললেও ডেপুটি স্পিকার কায়সার কামাল ‘গাত্রদাহ’ শব্দটি কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ (বাতিল) করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com