• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সরকার পতনে এক দফা আন্দোলনের বিকল্প নেই : ১২ দলীয় জোট

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৫:৫৫
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৫:৫৫

96632589 3

সরকার পতনে এক দফা আন্দোলনের বিকল্প নেই : ১২ দলীয় জোট

সরকারের পদত্যাগ, খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় ঢাকায় মানববন্ধন করেছে ১২ দলীয় জোট।

আজ শনিবার সকালে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন রাস্তায় মানববন্ধনে জোটের শীর্ষ নেতারা বলেন, দেশবাসীর সামনে একদফা সরকার পতনের আন্দোলনের বিকল্প নেই। গণআন্দোলনের মাধ্যমে এ অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

মানববন্ধনে ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেন, সারা দেশে বিরোধীদলের শান্তিপূর্ণ আন্দোলনে নানাভাবে বাধা সৃষ্টি ও হয়রানি করা হচ্ছে। সেইসঙ্গে শুরু হয়েছে গণগ্রেপ্তার অভিযান। নির্বিচারে বিরোধীদলের রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।

তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সোল এজেন্ট আওয়ামী সরকারের গণতন্ত্র আজ যুদ্ধতন্ত্রে পরিণত হয়েছে। প্রতিপক্ষকে গণতান্ত্রিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে হামলা-মামলা-গ্রেপ্তার ও নানাভাবে কূটকৌশলের আশ্রয় নিয়ে নিজেদের জনসমর্থনহীনতার অসহায়ত্ব প্রকাশ করছে।

বক্তারা বলেন, এত উন্নয়ন করেছেন, তাহলে জনগণের ভোট না পাওয়ার আতঙ্কে ভোগেন কেন? কেন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে ভয় পান? কেন জনগণের ওপর আস্থা হারিয়ে প্রশাসন ও পেশিশক্তি ব্যবহার করে বিনা ভোটে জয়লাভের হ্যাটট্রিক করার চেষ্টা করছেন?

নেতারা আরও বলেন, দেশের অবস্থা ভীষণ খারাপ। একদল গডফাদার দস্যু দেশটাকে লুটপাট করে ফোকলা বানিয়ে বিদেশে টাকা পাচার করেছে। সরকারি দলের ব্যবসায়ীরা সিন্ডিকেট বানিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে চাল, ডাল, আটা, তেল, লবণ, মাছ, মাংস, ডিম এমনকি গরিবের প্রোটিন ফার্মের মুরগির দাম ১৩০/১৪০ থেকে ২৫০ টাকায় তুলেছে। দেশে নীরব দুর্ভিক্ষ শুরু হয়েছে। এ অবস্থার মধ্যে গণবিরোধী অবৈধ সরকার দফায় দফায় জ্বালানি, গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েই চলেছে।’

তারা বলেন, অবৈধ অনির্বাচিত সেবা দাস সরকার অসম গোপন বিদ্যুৎ চুক্তির মাধ্যমে দেশকে দেউলিয়া বানানোর পথে নিয়ে গেছে। অবিলম্বে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি বাতিল করতে হবে। খালেদা জিয়া এবং সব রাজবন্দির মুক্তিসহ ১০ দফা দাবির পক্ষে জনজোয়ার অবৈধ সরকারকে ভাসিয়ে নিয়ে যাবে। সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ দেশ ও জনগণের একমাত্র দাবি হয়ে উঠেছে।’

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং বাংলাদেশ কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান কারি মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ন্যাপ-ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্য জোটের মহাসচিব মাওলানা আব্দুল করিমসহ ১২ দলীয় জোটের শীর্ষ নেতারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com