• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সালাহ উদ্দিনকে দেশে ফেরত আনার আহ্বান বিএনপির

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৬:১৩
আপডেট: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৬:১৩

9666325874 9

সালাহ উদ্দিনকে দেশে ফেরত আনার আহ্বান বিএনপির

ভারতের শিলং আদালতে বেকসুর খালাস পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

মহাসচিব বলেন, সালাহ উদ্দিন আহমেদ একজন বিশিষ্ট রাজনীতিবিদ, তাকে বিনা কারণে অন্যায়ভাবে দীর্ঘ ৮ বছর ভারতের কারাগারে কাটাতে হয়েছে। সর্বোচ্চ আদালত বেকসুর খালাস দেওয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি সালাহ উদ্দিনকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। ভারত সরকারকেও আহ্বান জানাচ্ছি।

মির্জা ফখরুল দাবি করেন, সরকার বিরোধী আন্দোলন দমাতে ২০১৫ সালের ১০ মার্চ রাতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সশস্ত্র সাদা পেষাকধারীরা উত্তরার এক বন্ধুর বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। দীর্ঘ ৬১ দিন অজ্ঞাত স্থানে গুম করে রাখা হয়। তারপর সে বছরের ১০ মে চোখ বাঁধা অবস্থায় একটি গাড়িতে করে দীর্ঘ পথযাত্রায় ১১ মে ভোরে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের গলফ লিংক রাস্তার উপর তাকে ফেলে রেখে যায়।

তিনি বলেন, এ ঘটনার কিছুক্ষণ পর সালাহ উদ্দিন আহমেদ নিজেই চোখ খুলে স্থানীয় পথচারীদের সহায়তায় শিলং পুলিশের কাছে তার পরিচয় এবং বিস্তারিত ঘটনা তুলে ধরলে পুলিশ তাকে ভারতের ফরেনার্স এ্যাক্ট, ১৯৪৬ এর বিধানমতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে।

মহাসচিব আরও বলেন, সালাহ উদ্দিন আহমেদ ভারতের আদালতে বিচারকালীন সময়ে রাষ্ট্রপক্ষের সমস্ত স্বাক্ষ্য প্রমাণ মোকাবেলা ও খণ্ডন করে এবং নিজের পক্ষে ৭০টি দালিলিক প্রমাণ, স্বাক্ষী উপস্থাপন করেন। প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন যে, তিনি বাংলাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র সাদা পোষাকধারী দ্বারা অপহরণ ও গুম হয়েছিলেন। অপহরণকারীরা তাকে চোখ বাঁধা অবস্থায় সেখানে ফেলে যায়।

ভারতীয় আদালত পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত স্বাক্ষ্য ও দলিল পর্যালোচনা করে তাকে বেকসুর খালাস দেন। বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর জন্য ভারত সরকারকে নির্দেশনা প্রদান করেন। সেই রায়ের বিরুদ্ধে ভারত সরকার আপিল করলে আপিল আদালতও বিচারিক আদালতের বেকসুর খালাসের রায় ও প্রত্যাবর্তন করানোর নির্দেশনার আদেশ বহাল রাখেন বলে তিনি জানান।

সরকারের নির্যাতন, নিপীড়ন, হামলা-মামলার অন্যতম শিকার সালাহ উদ্দিন বলেও উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, তার বেকসুর খালাসের রায়ের মাধ্যমে প্রমাণিত হয় যে, সালাহ উদ্দিন আহমেদকে বাংলাদেশের এই অবৈধ সরকার চক্রান্ত করে সীমাহীন নির্যাতন ও হয়রানি করেছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, মামলা প্রত্যাহার তো বটে, তার ((খালেদা জিয়া) নিঃশর্ত মুক্তি চায় বিএনপি। একইসঙ্গে বিএনপি ৩৫ লাখ নেতাকর্মীদের নামে থাকা মামলাও প্রত্যাহার চাই। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com