সিরাজগঞ্জ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, “‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে। আপনারা যদি চান হাসিনার মতো আর কোনো দোসর বাংলাদেশে আর না আসুক, ফ্যাসিস্ট শাসক ফিরে না আসুক তাহলে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে হবে।”
রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ডে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “একটি দলের নেতা মাইকের সামনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বলছেন।
কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে-ময়দানে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা করছেন। ওই দলের নেতাকর্মীরা ‘হ্যাঁ’ ভোট চাইলে তাদের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বলবেন গুপ্ত, গুপ্ত। তাদের নেতারা অন্য দলকে মোনাফেক বলেন। আমরা তাদের মোনাফেক বলতে চাই না।
”
তিনি বলেন, ‘যারা লুটপাট করে ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণখেলাপি হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, নির্বাচনে তাদের কাছ থেকে আপনারা টাকা নেন, কিন্তু ভোটটা আপনারা তাকেই দেবেন, যে আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। আপনারা ভোটটা তাকেই দেবেন, যে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবেন। ভোটটা তাকেই দেবেন, যে আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের কণ্ঠস্বর হয়ে উঠবেন।’
আসিফ মাহমুদ আরো বলেন, ‘শীতকালে বিভিন্ন দেশ থেকে অতিথি পাখিরা যেমন বাংলাদেশে ঘুরতে আসে।
ঠিক তেমনি একটি দল লন্ডন, আমেরিকা থেকে ঘুরতে আসা অতিথি পাখিদের মনোনয়ন দিয়েছে। শীতকালের পর গ্রীষ্মকাল আসলে যেভাবে অতিথি পাখিরা উড়ে যায়, ঠিক সেভাবেই বিদেশি পাসপোর্টধারীরা নির্বাচনে না জিতলে অতিথি পাখির মতো বিদেশে চলে যাবে। এসব অতিথি পাখি এবং ব্যাংক লুটেরাদের ভোট দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা যাবে না।’
এ সময় বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সিরাজগঞ্জ-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান ও এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রমুখ।












