জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অর্থ সংগ্রহে সাধারণ মানুষের সহায়তা চেয়েছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তার সেই আহ্বানে ব্যাপক সাড়া দিয়েছেন ভোটার ও শুভাকাঙ্ক্ষীরা।
সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে লাইভে এসে ব্যারিস্টার ফুয়াদ জানান, আবেদনের পর মাত্র ২৫ ঘণ্টায় ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে তিনি প্রায় ২২ লাখ টাকা অনুদান পেয়েছেন।
ফেসবুক লাইভে তিনি জানান, দুটি বিকাশ অ্যাকাউন্টে জমা হয়েছে ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা, একটি নগদ অ্যাকাউন্টে এসেছে ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা।
এছাড়া অফলাইনে নির্বাচন কার্যালয়ে এসে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলে ২ হাজার টাকা প্রদান করেন। সব মিলিয়ে রবিবার (৪ জানুয়ারি) রাত থেকে সোমবার রাত পর্যন্ত ২৫ ঘণ্টায় তার নির্বাচনী তহবিলে জমা হয়েছে প্রায় ২১ লাখ ৯৫ হাজার টাকা।
নির্বাচনী তহবিলে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করেন। তিনি বলেন, ‘আর্থিক সহায়তার জন্য পোস্ট করা ভিডিওটি কপি করে বিভিন্ন ফেক পেজ থেকে প্রচার করা হচ্ছে। আমার নামে ভুয়া পেজ খুলে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণার চেষ্টা চলছে। সহায়তা করতে চাইলে অবশ্যই আমার নিজস্ব ফেসবুক পেজ ও আইডিতে দেওয়া নম্বরে অর্থ পাঠাতে অনুরোধ করছি।’
তিনি আরও জানান, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণাঙ্গ হিসাব এবং কোন খাতে কীভাবে ব্যয় করা হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন ব্যারিস্টার ফুয়াদ। বিষয়টি নিয়ে সমালোচনা ও প্রশংসা— দুই ধরনের প্রতিক্রিয়াই দেখা যায়। এরপর থেকেই সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে বিভিন্ন অঙ্কে অর্থ পাঠাতে থাকেন সাধারণ মানুষ।












