• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষিত যুবকরা নিজেরাই কিছু করার চেষ্টা করুন: মির্জা ফখরুল

প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৪:৩০
আপডেট: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৪:৩০

শিক্ষিত যুবকরা নিজেরাই কিছু করার চেষ্টা করুন: মির্জা ফখরুল

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

সোলেমান আলীর উদ্ভাবিত প্রযুক্তির উদাহরণ টেনে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষিত যুবকরা নিজেরাই কিছু করার চেষ্টা করুন। সোলেমান আলী একজন সাধারণ সাইকেল মেকানিক হয়েও এই এলাকার মানুষকে তার প্রযুক্তি দিয়ে সহযোগিতা করছেন। এই কাজকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে তাকে আরও বেশি সহযোগিতা করা হবে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানী বাজার চুনিহাড়ী পশ্চিম পাড়ায় সলেমান আলী উদ্ভাবিত সলেমান সোলারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজের প্রচেষ্টা ও উদ্ভাবনী চিন্তা দিয়ে সোলেমান আলী এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন, যা কৃষি, মুরগির খামার ও সাধারণ মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণে ভূমিকা রাখছে। সম্প্রতি ঢাকায় দেখা হওয়ার পর তিনি এ বিষয়ে বিস্তারিত জানতে পারেন।

তিনি জানান, সোলেমান আলী মূলত একজন সাইকেল মেকানিক। বাবার পেশা অনুসরণ করতে গিয়েই তিনি প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন। পরে সৌরশক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেন। বর্তমানে তিনি ২৮টি সোলার পাম্প পরিচালনার মাধ্যমে প্রায় ৩০০ একর জমিতে সেচ দিচ্ছেন এবং স্থানীয় এলাকার বিদ্যুতের চাহিদা মেটাতে কাজ করছেন। সরকার এ প্রযুক্তি আরও বিস্তারে সহযোগিতা করবে বলেও জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, নীরবে কাজ করে যাওয়া এমন উদ্ভাবকদের উৎসাহিত করা প্রয়োজন। তিনি শিক্ষিত তরুণদের চাকরির অপেক্ষায় না থেকে নিজস্ব উদ্যোগে কর্মসংস্থান ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানান। সোলেমান আলীর কাজকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে আরও সহায়তার আশ্বাসও দেন।

অনুষ্ঠান শেষে তিনি এলাকার একতা প্রতিবন্ধী উন্নয়ন স্কুল ও পূর্ববাসন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাস, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com