জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
আইফোনে হঠাৎ অ্যাপলের সতর্কবার্তা দেখলে তা এড়িয়ে যাবেন না। কারণ এমন বার্তা এলে আপনার ফোনে স্পাইওয়্যার হামলার চেষ্টা হয়ে থাকতে পারে।
অ্যাপল জানিয়েছে, ভাড়াটে স্পাইওয়্যার ব্যবহার করে চালানো হামলা সাধারণ সাইবার হামলার চেয়ে বেশি জটিল। এসব হামলায় নির্দিষ্ট ব্যক্তি ও তার ব্যবহৃত যন্ত্রকে লক্ষ্য করা হয়।
তবে সবার এমন হামলার শিকার হওয়ার আশঙ্কা নেই। সাধারণত রাজনীতিবিদ, মানবাধিকারকর্মী ও সাংবাদিকদের মতো নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করেই এ ধরনের হামলা চালানো হয়।
কোনো ব্যবহারকারী স্পাইওয়্যার হামলার লক্ষ্য হয়েছেন বলে অ্যাপলের ধারণা হলে প্রতিষ্ঠানটি বিভিন্ন উপায়ে তাকে সতর্ক করবে। এ ক্ষেত্রে আইফোনের পর্দায় সতর্কবার্তা দেখানোর পাশাপাশি ই-মেইলের মাধ্যমেও জানানো হবে। এমনকি অ্যাপল অ্যাকাউন্টে প্রবেশ করলেও ব্যবহারকারী সতর্কবার্তা দেখতে পারবেন। এ ধরনের কোনো বার্তা পেলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে পরামর্শ দেওয়া হয়েছে।
অ্যাপল দ্রুত লকডাউন মোড চালু করার পরামর্শ দিয়েছে। আইফোনের সেটিংস থেকেই সহজেই এই মোড চালু করা যায়। প্রয়োজন হলে নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছ থেকেও সহায়তা নেওয়া যেতে পারে।
তবে অ্যাপল জানিয়েছে, কোনো ব্যবহারকারীকে ঠিক কী কারণে সতর্ক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয় না। কারণ, সতর্কতার নির্দিষ্ট কারণ বা তথ্য প্রকাশ করা হলে হামলাকারীরা ভবিষ্যতে তাদের কৌশল পরিবর্তন করে অ্যাপলের সতর্কতা ব্যবস্থা এড়িয়ে যেতে পারে।
তবে এমন সতর্কবার্তা না পেলেও ফোনের সফটওয়্যার নিয়মিত আপডেট করা জরুরি। এ ছাড়া অপরিচিত কোনো লিংকে প্রবেশ না করা, শক্তিশালী পাসকোড ব্যবহার এবং দুই ধাপের পরিচয় যাচাই চালু রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।













