• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চায় যুক্তরাজ্য

প্রকাশ: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩৯
আপডেট: রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৩৯

9666323652

বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চায় যুক্তরাজ্য

বাংলাদেশে ব্যবসা করতে আসা বিদেশি প্রতিষ্ঠানগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড চায় যুক্তরাজ্য। একইসঙ্গে বাংলাদেশে আরও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে ব্রিটেনের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ রেখে বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে একটি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে দেশটি।

আজ রোববার ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় বাংলাদেশ-যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সংলাপে এই আহ্বান জানান ব্রিটিশ প্রতিনিধি দল। সংলাপে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও দক্ষিণ এশিয়ার কমিশনার (বাণিজ্য) অ্যালান জেমেল যুক্তরাজ্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংলাপে দুপক্ষই বাণিজ্য ও অংশীদারিত্বের সম্পর্ক সম্প্রসারণে কাজ করতে সম্মত হয়েছে। একইসঙ্গে তারা প্রতিবছর সংলাপ ও যৌথ ওয়ার্কিং গ্রুপের নিয়মিত বৈঠকের বিষয়ে একমত হয়েছে।

তপন কান্তি ঘোষ বলেন, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ। এই সংলাপ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে অবদান রাখবে।

বৈঠকে অ্যালান জেমেল বলেন, বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে চাকরির বাজার সৃষ্টি, দক্ষতা বিনিময়, রাজস্ব বৃদ্ধি, প্রতিযোগিতা সৃষ্টি এবং মান উন্নয়ন হয়। অনুকূল ব্যবসায়িক পরিবেশ এবং বাজার প্রবেশে বাধা দূর হলে দুই দেশই উপকৃত হবে।

সম্প্রতি যুক্তরাজ্যের নেওয়া নতুন বাণিজ্য স্কিম ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিমকে (ডিসিটিএস) বৈঠকে স্বাগত জানানো হয়। আশা করা হয়, ডিসিটিএস বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের জন্য শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ তৈরি এবং একীভূত করতে ভূমিকা রাখবে। বৈঠকে এর আওতায় যুক্তরাজ্যের পক্ষ থেকে শ্রমমান ও মানবাধিকার, দুর্নীতি রোধ, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশসংক্রান্ত যে সব আন্তর্জাতিক আইন রয়েছে, তা প্রতিফলনের বিষয়ে জোর দেওয়া হয়।

বিশ্বজুড়ে মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে চলমান অর্থনৈতিক সংকটেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সহনশীলতার প্রশংসা করে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের কাতার থেকে উত্তরণে বৈঠকে দুই দেশ দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে একমত হয়েছে। এ ছাড়াও ব্যবসা বাণিজ্যে বাধা দূর করার পাশাপাশি বিনিয়োগ সহযোগিতা, ওষুধ ও ওষুধশিল্প, সহজে ব্যবসা করা, আর্থিক খাতের উন্নয়ন, উচ্চশিক্ষা ও মেধাস্বত্ব আইন নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে যুক্তরাজ্যের আর্থিক ও পেশাদার সেবা খাতের বিনিয়োগ বিবেচনা নিতে বাংলাদেশকে উৎসাহ দিয়েছে দেশটি। অন্যদিকে তৈরি পোশাক শিল্পের গুরুত্ব তুলে ধরেছে ঢাকা। মহাকাশে বেসরকারি খাতের সম্পৃক্ত হওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। সেইসঙ্গে বাংলাদেশের কাঙ্ক্ষিত টেকসই ও সবুজ অর্থনৈতিক উন্নয়নে দ্রুত নীতি প্রণয়নে জোর দিয়েছে লন্ডন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com