• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আ’লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৬:২১
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৬:২১

 

শরীয়তপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘এই দুই রাজনৈতিক শক্তির কারণে দেশে শান্তি ফিরে আসছে না। বর্তমানে স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়ে দেশ ধ্বংসের নীলনকশা করছে।’

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। অন্যথায় তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না। আগে যারা অর্থ পাচার করেছিল, এখন তাদের জায়গায় নতুন অর্থ পাচারকারীরা এসেছে।’

দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, ‘গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। এতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক অঙ্গনে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন কঠিন হবে।’

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।’ প্রশাসনকে কোনও দলের স্বার্থে নয়, বরং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সদস্য ইমরান হোসেন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম জয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। এ ছাড়া এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম