নিউজ ডেস্ক
বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদের কাছে গণতন্ত্র, মানুষ এবং জনগণ কিছুই নিরাপদ নয়।
তিনি বলেছেন, সরকার সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চায় কিন্তু জনগণ এবার তা রূখে দাঁড়াবে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শরমিতা হাসপাতালে আহত বিএনপি নেতাকর্মীদের দেখতে এলে বিএনপি মহাসচিব গণমাধ্যমে এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লার লালমাই থানার এক সাংগঠনিক সভা চলাকালে স্থানীয় মন্ত্রী-এমপির ভাইয়ের নেতৃত্ব হামলা চালানো হয়। এমনভাবে হামলা চালানো হয়েছে আহতরা বাঁচতে নাও পারতো। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, পরিস্থিতি সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গেছে, মফস্বলে বাসায় বসে সভা করলে বাসাতেও অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিনত করেছে।













