শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বন্দরনগরী চট্টগ্রামে শুরু হয়েছে করপোরেট অঙ্গনের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট (সিজন-৩)’।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বায়েজিদ টেক্সটাইল গেট সার্কেল সংলগ্ন এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি মো. আমিরুল হক, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিজ চৌধুরী লিটন,জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি,এবং এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বিসিবির পরিচালক সাকিফ আহমেদ সালাম।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পৃক্ততা। একসময় আমি নিজেও প্রথম বিভাগ ক্রিকেট খেলেছি। পরে স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করেছি এবং গত ২৫ বছর ধরে এ বিষয়ে কাজ করছি।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি যথেষ্ট আন্তরিক। খেলোয়াড়দের উৎসাহিত করতে তিনি ক্রীড়া কার্ড চালু করেছেন। এটি দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক উদ্যোগ।
তিনি আরও বলেন, অনেক পেশাদার খেলোয়াড় আর্থিক সংকটে রয়েছেন। তাদের পাশে দাঁড়াতে হবে। বড় করপোরেট প্রতিষ্ঠানগুলো ক্রীড়া আয়োজনে পৃষ্ঠপোষকতা করলে খেলোয়াড়দের জন্য নতুন সুযোগ তৈরি হবে এবং দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে।
টুর্নামেন্টের প্রধান উদ্যোক্তা ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ছোটবেলা থেকেই বাবা মোহাম্মদ আবদুস সালামের নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার প্রতি আগ্রহ দেখে তারা দুই ভাই অনুপ্রাণিত হয়েছেন। সেই অনুপ্রেরণা থেকেই খেলাধুলার সঙ্গে তাদের সম্পৃক্ততা।
তিনি বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মাদকমুক্ত সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে প্রতিবছর এই ক্রীড়া লীগের আয়োজন করা হচ্ছে। এবার ফুটসাল টুর্নামেন্টের তৃতীয় আসরের পাশাপাশি প্রথমবারের মতো মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হয়েছে। এতে দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিদেশি খেলোয়াড়েরাও অংশ নিচ্ছেন। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সাকিফ আহমেদ সালাম বলেন, দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে একই আয়োজনে যুক্ত করা, পারস্পরিক পরিচিতি বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করাই এশিয়ান গ্রুপ স্পোর্টস লীগের অন্যতম উদ্দেশ্য। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা নতুন অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি একে অপরের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।
উল্লেখ্য, এর আগে এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্টের দুটি আসর আয়োজন করেছে। এর ধারাবাহিকতার এবার অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় আসর। এবার ফুটসালের পাশাপাশি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা যুক্ত হওয়ায় আয়োজনের পরিধি আরও বিস্তৃত হয়েছে। টুর্নামেন্টের খেলার খবর ও ফলাফল এশিয়ান গ্রুপের ফেসবুক পেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণ চট্টগ্রামের ক্রীড়াপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতার সুযোগ তৈরি করবে।
এবারের ফুটসাল প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ২৪টি করপোরেট প্রতিষ্ঠান আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে।
এ আয়োজনের ধারাবাহিকতায় আগামী ৪ নভেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬’।
ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের খ্যাতনামা শাটলারেরা অংশ নিচ্ছেন। আগামী ৬ নভেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এই ক্রীড়া আয়োজন।













