• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

দলীয় কর্মী নিহত হওয়ার প্রতিবাদে বিএনপি’র শোক র‌্যালি, নেতাদের হুঁশিয়ারি

প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ১২:৪১
আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ১২:৪১

 

নিউজ ডেস্ক
লক্ষ্মীপুরে দলীয় কর্মী নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীতে শোক র‌্যালি করেছে বিএনপি। গতকাল বিকালে নয়াপল্টনে অনুষ্ঠিত শোক র‌্যালি-পূর্ব সমাবেশে বক্তারা বলেছেন, আন্দোলনের মাধ্যমেই এক দফা দাবি আদায় করা হবে। আন্দোলন স্তব্ধ করতে হামলা করা হচ্ছে। হামলা করে কর্মীকে হত্যা করা হচ্ছে। এভাবে হামলা করে আন্দোলন কিছুতেই দমিয়ে রাখা যাবে না। শোক র‌্যালিতে অংশ নিয়ে বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, সজীবের রক্ত কোনো অবস্থায় বৃথা যাবে না। আমরা আন্দোলনে জয়ী হবো। আমাদের দাবি একটা- এই সরকারের পদত্যাগ ছাড়া দেশের কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এই দাবিতে সরকারের পদত্যাগ ও বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে দেশে সুষ্ঠু নির্বাচন আদায় করে নেবো।

এই দাবিতে গত বছরের ২৪শে আগস্ট থেকে আমাদের আন্দোলন চলছে। লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে আয়োজিত এই র‌্যালির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

তিনি বলেন, এই সরকারকে ক্ষমতায় রেখে কোনো নির্বাচন হবে না। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেলে। কিন্তু এই সরকারের কাছে কোনো দাবি করবো না। আন্দোলন ও সংগ্রামের মধ্যদিয়ে আমরা আমাদের দাবি আদায় করবো। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সজীব হোসেনকে অত্যন্ত ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করেছে। এটা ওদের (আওয়ামী লীগ) পরিকল্পিত। সরকার দেশকে বিরোধী দলশূন্য করতে চায়।
তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানের বাইরে নির্বাচন হবে না। কিন্তু এই সংবিধানের অধীনে জনগণের রায় প্রতিফলিত হবে না। তাই নিরপেক্ষ সরকার দরকার। আর যে পথ দিয়ে রাতে- ভোরে, জনগণ ও ভোটার ছাড়া নির্বাচন হয়, সেই নির্বাচন তারা করতে চান। এই নির্বাচন ওবায়দুল কাদের ও তথ্য এবং সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের পছন্দ। শোক র‌্যালি ঘিরে দুপুর ২টা থেকে ব্যানার, ফেস্টুন ও কালো পতাকাসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা কালোব্যাজ ধারণ করেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতা আহমেদ আজম খান, আবদুস সালাম, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, এডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরাফত আলী সপু, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, তাইফুল ইসলাম টিপু, ইশরাক হোসেন, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম