• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নির্বাচন উপযোগী ইউনিয়নের সংখ্যা যাচাইয়ের নির্দেশ ইসির

প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৭:০০
আপডেট: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৭:০০

নির্বাচন উপযোগী ইউনিয়নের সংখ্যা যাচাইয়ের নির্দেশ ইসির
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগে নির্বাচন উপযোগী ইউনিয়নগুলোর তালিকার সঠিকতা যাচাই করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া তালিকার সঙ্গে জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে থাকা তথ্য মিলিয়ে এ যাচাই করতে বলা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন দেশের সব জেলা নির্বাচন কর্মকর্তার কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট জেলার সব উপজেলার নির্বাচন উপযোগী ইউনিয়ন পরিষদের একটি তালিকা স্থানীয় সরকার বিভাগ ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তবে তালিকায় কোনো ইউনিয়নের নাম বাদ পড়েছে কি-না, নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কি-না এবং আইনি জটিলতা বা সীমানাসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে হালনাগাদ তথ্য রয়েছে কি-না, তা পুনরায় যাচাই করতে হবে। যাচাইয়ের পর ইউনিয়ন পরিষদের নাম, তারিখ, মামলা, সীমানাসংক্রান্ত জটিলতা, ভোটার তালিকা পুনর্বিন্যাসসহ অন্য কোনো বিষয়ে সংশোধনের প্রয়োজন হলে আগামী ৮ নভেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-৩ শাখায় তথ্য পাঠাতে বলা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি প্রথম দফার ভোটের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ নির্বাচনের তফসিল আগামী ১০ ডিসেম্বর ঘোষণা করা হতে পারে। এবার পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ইসি।

দেশে বর্তমানে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। এর মধ্যে চলতি বছর ৩ হাজার ৯৮১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপযোগী হবে। বাকি ইউনিয়নগুলো ২০২৭ ও ২০২৮ সালের দিকে নির্বাচন উপযোগী হবে।

এদিকে ইউপি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে ৪৬ হাজার ৩৯৭টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে স্থায়ী ভোটকেন্দ্র ৪৫ হাজার ৯৭২টি এবং অস্থায়ী কেন্দ্র ৪২৫টি।

এসব কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৭৩৯টি। এর মধ্যে স্থায়ী ভোটকক্ষ ২ লাখ ২ হাজার ১৫৯টি এবং অস্থায়ী ভোটকক্ষ ১৩ হাজার ৫৮০টি।

আগামী ২৫ নভেম্বর স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম