• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বরিশাল বিভাগীয় বিএনপির সমাবেশ : গণপরিবহনের পর এবার আবাসিক হোটেলও বন্ধ

প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ২:০৩
আপডেট: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ২:০৩

 

চার বিভাগের পর আগামী শনিবার (৫ নভেম্বর) বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় মহাসমাবেশ। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) জনসভা করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগের বিভাগীয় সমাবেশ গুলোতে গণপরিবহন বন্ধ ছিলো কিন্তু এবার বরিশালের নতুন কাণ্ড দেখা যাচ্ছে, এখানে গণপরিবহনের ন্যায় নগরীর সব হোটেলও বন্ধের অভিযোগ তুলছে বিএনপির নেতারা।

মহানগর বিএনপির সভাপতি বলেন, আমাদের জনসভায় ঢাকা ও বিভিন্ন জেলা থেকে নেতাকর্মী এসে যেন হোটেল বা রুম ভাড়া নিয়ে থাকতে না পারেন, সে জন্য নগরী ও আশপাশের হোটেলগুলো বন্ধ করে দিয়েছে সরকার। তাই গণসমাবেশে যোগ দিতে দলের নেতাকর্মীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। শহরের হোটেলগুলোতে না থাকতে পারলেও শহরের বাইরে অবস্থান করছেন তারা।

জেলা প্রশাসনের এনডিসি মুশফিকুর রহমান জানান, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিম পাশে সমাবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। ৭ নভেম্বর সেখানে একটি অনুষ্ঠান রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এ কারণে উদ্যানের অর্ধেক ছেড়ে দিয়ে তাদের সমাবেশ করার জন্য বলা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মীর জাহিদুল কবীর বলেন, বেলস পার্ক মাঠে সভা করার জন্য আমরা লিখিতভাবে অনুমতি চেয়েছিলাম। জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি এই মাঠে সভা করার অনুমতি দিয়েছেন। এই মাঠে বিভাগীয় জনসভা করার অনুমতি চেয়েছিলাম, সেটাই হয়েছে।

এদিকে, মহাসমাবেশ ঘিরে বরিশালজুড়ে চলছে ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড লাগানোর কাজ। নগরীর বিবিপুরের পাড়, জেলা স্কুল মোড়, বঙ্গবন্ধু উদ্যান (বেলস পার্ক), নথুল্লাবাদ, আমতলা মোড়সহ বিভিন্ন স্থানে লাগানো হচ্ছে ব্যানার-ফেস্টুন। নগরীর বাইরেও এ বিভাগের বিভিন্ন উপজেলায় লাগানো হচ্ছে মহাসমাবেশের বিলবোর্ড-ব্যানার। তাই ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা।

বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেন, ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। জনগণকে কেউ ঠেকাতে পারবে না। সমাবেশ বানচাল করতে সরকার পরোক্ষভাবে হরতাল ডাকছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, আমরা সরকার পতনের আন্দোলনে নেমেছি। মুক্তিযুদ্ধের সময় মানুষকে দেশ রক্ষায় ঠেকানো যায়নি। এ যুদ্ধেও সরকারের কোনো কৌশলই জনসমাবেশে মানুষ আসা আটকাতে পারবে না। আপনারা তা দেখতে পারবেন।

বরিশাল মহানগর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেত্রী আফরোজা খানম নাসরিন বলেন, মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম