• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫

প্রকাশ: সোমবার, ১৩ জুন, ২০২২ ৯:০৩
আপডেট: সোমবার, ১৩ জুন, ২০২২ ৯:০৩

 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে উপজেলা বিএনপির ডাকা প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলার অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন বলে দাবি করছে উপজেলা বিএনপি।

সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কবিরহাট বাজারে এ হামলার ঘটনা ঘটে। পরে কবিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কবিরহাট উপজেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন অভিযোগ করেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কবিরহাট বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশি বাধার মুখে কিছুক্ষণ মিছিল করে কবিরহাট বাজারের পূর্ব পাশে বিক্ষোভ সমাবেশ করা হয়। এরপর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. কামাল হোসেনের বাড়িতে মিছিল সহকারে কবিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক আবদুল জলিল ও কবিরহাট কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছান বিন আজাদ ফয়সালের নেতৃত্বে ৬০-৭০ জন হামলা চালিয়ে ৬০টি চেয়ার একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

তিনি বলেন, একই সময়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সমাবেশস্থলসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে উপজেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন, কবিরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান, বাটইয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়াত শাকেরসহ ১০-১৫ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে।

অভিযোগের বিষয়ে জানতে কবিরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ বলেন, এ অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। ছাত্রলীগের কোনো নেতাকর্মী এ হামলার সঙ্গে জড়িত নেই। বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ কর্মীদের ভয়ে পালিয়ে যাওয়ার সময় ২-১ জন পড়ে গিয়ে আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কবিরহাট থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টি সঠিক নয়। তবে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী উপজেলা বিএনপির সদস্য সচিব কামালের বাড়িতে গিয়ে প্লাস্টিকের চেয়ারসহ আসবাবপত্র ভাঙচুর করেছে বলে পুলিশ জানতে পেরেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম