• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচের

প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৪:২৫
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৪:২৫

বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি চাহিদা ভারত-পাকিস্তান ম্যাচের
 

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছরের মতো বাকি। তবে এর আগেই বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে শুরু হয়েছে উন্মাদনার সুনামি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠাতব্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিটের জন্য বিশ্বজুড়ে যে আবেদন পড়েছে, তাতে রীতিমতো রেকর্ড সৃষ্টি হয়েছে। অবাক করার বিষয় হলো, টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের চেয়েও বেশি টিকিটের চাহিদা তৈরি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ম্যাচ ঘিরে!

আইসিসির প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১লা নভেম্বর পর্যন্ত ১৯৩টি দেশ থেকে প্রায় ২৮ লাখের বেশি সমর্থক টিকিটের জন্য নিবন্ধন করেছেন। সব মিলিয়ে মোট ১২ কোটির বেশি টিকিট চেয়ে আবেদন জমা পড়েছে। এর মধ্যে আগামী ১০ই অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে হতে যাওয়া ভারত–পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮৪ লাখ (৮৩,৯৭,২৯৪)। অথচ একই ভেন্যুতে ২১শে নভেম্বর অনুষ্ঠেয় ফাইনাল ম্যাচের জন্য আবেদন এসেছে প্রায় ৮০ লাখ।

শুধু ভারত-পাকিস্তান লড়াই নয়, টুর্নামেন্টের অন্যান্য হাইভোল্টেজ ম্যাচেও টিকিটের চাহিদা তুঙ্গে। আগামী ২৪শে অক্টোবর জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলসে নবনির্মিত ‘মোসি-ওআ-তুনিয়া’ স্টেডিয়ামে জিম্বাবুয়ে–ভারত ম্যাচের জন্য ৩৩ লাখের বেশি আবেদন জমা পড়েছে। অন্যদিকে, নামিবিয়ার উইন্ডোহক ক্রিকেট গ্রাউন্ডে ৮ই অক্টোবর ইংল্যান্ড–বাংলাদেশ ম্যাচের জন্য প্রায় ৯ লাখ টিকিট চেয়েছেন সমর্থকরা।

২৪ বছর পর আফ্রিকান মহাদেশে ওয়ানডে বিশ্বকাপ ফেরায় স্থানীয় দর্শকদের মাঝেও বইছে আনন্দের জোয়ার। আফ্রিকা মহাদেশ থেকেই ১ কোটি ৪৯ লাখের বেশি টিকিট আবেদন জমা পড়েছে। টিকিটের চাহিদায় শীর্ষ দেশগুলোর তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া।

আগামী ২১শে নভেম্বর পর্যন্ত টিকিটের এই ব্যালট উইন্ডো খোলা থাকবে। আইসিসির ইভেন্টস অ্যান্ড অপারেশনস জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এই অভূতপূর্ব সাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আইসিসি ২০২৭ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের প্রতি মানুষের সাড়া সত্যিই অভূতপূর্ব। চাহিদার এই উচ্চপর্যায়ই টুর্নামেন্টটির বৈশ্বিক আকর্ষণ এবং ২৪ বছর পর আফ্রিকান মাটিতে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরে।’

ওয়ানডে বিশ্বকাপের লোকাল অর্গানাইজিং কমিটির সিইও কোন্দিসা এনগোয়েনিয়া বলেন, ‘টিকিটের এই অসাধারণ চাহিদা ২০২৭ বিশ্বকাপকে ঘিরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় তৈরি হওয়া চরম উন্মাদনার বড় প্রমাণ। বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের যে সাড়া পাওয়া যাচ্ছে, তা পুরো অঞ্চলের জন্য এক স্মরণীয় ইভেন্ট হতে যাচ্ছে।’

tickets.cricketworldcup.com ঠিকানায় গিয়ে আগামী ২১শে নভেম্বরের মধ্যে পছন্দসই ম্যাচের জন্য নিবন্ধনের সুযোগ রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে দর্শকরা পরবর্তীতে টিকিট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম