শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শিশু অধিকার সুরক্ষা, শিশু-বান্ধব আইন প্রণয়ন ও বাজেট বরাদ্দ নিশ্চিত করতে সংসদীয় উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, দেশে শিশু অধিকার ও সুরক্ষায় অনেক আইন থাকলেও সেগুলোর যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন জরুরি।
বুধবার (৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত ‘শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস’-এর প্রথম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, শিশু অধিকার প্রতিষ্ঠায় দলমত, শ্রেণি-পেশা কিংবা সমতল ও পাহাড়ি অঞ্চলের বিভাজন থাকা উচিত নয়। প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশু অধিকার-সংশ্লিষ্ট আইন ও খসড়া আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
ককাসের সভাপতি শিরীন সুলতানা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিশু অধিকার সুরক্ষায় আইন, বাজেট ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয়ের পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে কন্যাশিশু, প্রতিবন্ধী, প্রান্তিক, পাহাড়ি, এতিম ও দুস্থ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। এতে ককাসের সদস্য, ইউনিসেফ, সিপিডি, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামসহ বিভিন্ন সংস্থা ও মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।












