সুনামগঞ্জ প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরীকে (প্রিন্স) গ্রেপ্তারের পর হাসপাতাল ভর্তির ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
শাহনেওয়াজ চৌধুরীর বাবা দেওয়ান শাহরুখ চৌধুরী থানায় নেওয়ার পর তার ছেলেকে নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন।
গ্রেপ্তার দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী (প্রিন্স) পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনটি মামলা আছে বলেও জানায় পুলিশ।
পরিবারের স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশ তার বাসায় গিয়ে বাবার সঙ্গে কথা বলে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরিবারের অভিযোগ, থানায় নির্যাতনের পর অসুস্থ হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তিনি কাউকে কিছু না জানিয়ে সেখান থেকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চলে যান।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, তাকে থানায় নেওয়ার পর কোনো নির্যাতন করা হয়নি। রাতে তিনি হেঁটে হাজতে ঢুকেন। সেখানে প্রায় আধঘন্টা ছিলেন। হাজতে থাকার সময়ে তিনি এক পুলিশ সদস্যের কাছে কিছু একটা চান। কিন্তু পুলিশ সদস্য দেননি। এরপর তিনি হঠাৎ ভেতরে লুটিয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার পর দুর্বলতা থাকায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে দুজন চিকিৎসক দেখার পর তাকে সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ নেন। কিন্তু তিনি কাউকে না জানিয়ে সেখান থেকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চলে যান। এখন তিনি সেখানে পুলিশ হেফাজতে এবং সুস্থ আছেন।
তবে তার বাবার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পুলিশ জানায়, তিনি সুস্থ আছেন এবং পুলিশ হেফাজতে আছেন।













