• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সুন্দরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ৯

প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৬
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১:৫৬

সুন্দরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ৯
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ ৯ জন গুরুতর আহত হয়েছেন। হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে একটি শিয়াল পথচারী থেকে শুরু করে বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর এ হামলা চালায়।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন জিগাবাড়ী গ্রামের মো. মুকুল মিয়ার স্ত্রী মোছা. রাবেয়া বেগম (৩৮), তার ছেলে মো. রাকিবুল হাসান (১৩), মো. ইয়াকুব আলীর ছেলে মো. এনামুল হক (২৬), মো. আব্দুল আহাদ আলীর মেয়ে মোছা. আয়শা আক্তার (৩) ও মো. আব্দুর রহিমের ছেলে মো. হাসান মিয়া (৭)।

এছাড়াও আহতদের মধ্যে আরও আছেন ইউনিয়নের তালুক বেলকা গ্রামের মো. জমশের আলীর স্ত্রী মোছা. নিলি বেগম (৪০), মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সাদেক হোসেন (৭০), মো. আব্দুল হান্নান মিয়ার স্ত্রী মোছা. আফরুজা বেগম (৩৭) এবং মো. শফিউল ইসলামের ছেলে মো. শাওন মিয়া (৬)।

স্থানীয়রা জানান, রোববার বিকালে হঠাৎ একটি শিয়াল লোকালয়ে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই এটি পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর হামলা শুরু করে। শিয়ালের কামড়ে একে একে শিশু, নারী ও পুরুষ আহত হলে আতঙ্কে ছুটোছুটি শুরু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান বলেন, শিয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।

আ/আ

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম