শীর্ষ খবর ডেস্ক
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব নাশকতামূলক হামলায় অনেক ক্ষেত্রে থানা ভবন, পুলিশের যানবাহন বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টার্গেট করা হচ্ছে, যার ফলে রাজনৈতিক দৃশ্যপটে ধীরে ধীরে উত্তাপ ও উত্তেজনা বাড়ছে।
অপরাধ বিশ্লেষকরা বলছেন, গত কয়েক দিনে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুনের ঘটনায় সাধারণ মানুষের মনেও বাড়ছে আতঙ্ক। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও খবরের কাগজকে বলেছেন, জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই একটি অপশক্তি পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। এ বিষয়ে গতকাল সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় পতিত শক্তি জড়িত।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এমন প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক করা হয়েছে। প্রযুক্তিগত মনিটরিংয়ের পাশাপাশি পাড়া-মহল্লা ও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সাদাপোশাকে নজরদারি চালাচ্ছেন গোয়েন্দারা। এরই মধ্যে ওই সব ঘটনায় জড়িত অভিযোগে গত দুই-তিন দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অন্যদিকে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর সঙ্গে বাড়তি উদ্বেগ বাড়িয়েছে শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ এবং ব্যাটারিচালিত অটোরিকশার মালিক-চালকদের আন্দোলন। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
অপরাধ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চব্বিশের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চাওয়ার খবরে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে এক ধরনের তৎপরতা বেড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে উত্তেজনা ও তৎপরতার মাত্রাও বাড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে। এসব অপতৎপরতার উদ্দেশ্য–আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল দুর্বল করা এবং সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করা।
জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করা বা রাজনীতির ‘ঘুঁটি’ বানানো অত্যন্ত হতাশাজনক
এসব বিষয়ে সামাজিক অপরাধ বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক গতকাল খবরের কাগজকে বলেন, “যেকোনো আন্দোলন বা কোনো ইস্যু সৃষ্টি হলে সেখানে সাধারণ জনগণকে ঢাল বানানো বা জিম্মি করার মতো এক ধরনের অপতৎপরতা প্রায় দেখা যায়। রাজনৈতিক বিষয়ে বা অন্য কোনো অধিকার আদায়ের ক্ষেত্রেও এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে। একটি জনকল্যাণমূলক রাষ্ট্রের সবকিছু হয়ে থাকে জনগণকেন্দ্রিক বা জনগণের সুবিধার জন্য। সেখানে সাধারণ জনগণের জানমালের হুমকি বা তাদের মনে আতঙ্ক সৃষ্টি, তাদের রাজনীতির ‘ঘুঁটি’ বানানো বা ঢাল হিসেবে ব্যবহার করা অত্যন্ত হতাশাজনক। কোনো অশুভ শক্তি বা গোষ্ঠী এমন কোনো অপতৎপরতার সঙ্গে জড়িত থাকলে সঠিক তদন্তের মাধ্যমে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে।”
‘আতঙ্ক সৃষ্টির চেষ্টা কঠোরভাবে দমন করা হবে’
বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে থানা বা পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ হলেও সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে ঘটানো হচ্ছে না বলে মনে করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম। গতকাল তিনি খবরের কাগজকে বলেন, ‘সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টির জন্য মূলত পলাতক অপশক্তি বিচ্ছিন্নভাবে এসব ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটাচ্ছে। এগুলো (ককটেল-অগ্নিসংযোগ) করে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যর্থ সাজানো যাবে না। আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলে কঠোরভাবে অপরাধী-অপশক্তিকে দমন করা হবে। গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ ডিএমপির অন্য সব ইউনিট এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা যথেষ্ট সজাগ রয়েছে।’
‘ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগে পতিত শক্তি জড়িত’
গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় পতিত শক্তি জড়িত। তিনি বলেন, ‘আমরা লক্ষ করছি, পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে। অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে এসব হামলা চালানো হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে পুলিশ আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেবে। যারাই এগুলো করুক, তারা সবাই দুষ্কৃতকারী।’
সাম্প্রতিক বিস্ফোরণ-অগ্নিসংযোগের চিত্র
গতকাল সন্ধ্যায় রাজধানী উত্তরায় শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময়ে ফার্মগেটে লাব্বায়েক পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় মেট্রোরেল স্টেশনের ওপরে ধোঁয়া ছড়িয়ে পড়লে সেখানে ‘অটো অ্যালার্ম’ বেজে ওঠে। ফলে মেট্রোরেলের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা যায়। আধা ঘণ্টা ওই স্টেশন বন্ধ থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তবে ওই বাসটিতে কেউ আগুন ধরিয়ে দিয়েছিল কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ছাড়াও গতকাল সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- আবদুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল (২৬) ও জাবির সালেহীন দিপু (২৭)। গতকাল সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মোটরসাইকেলে এসে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় আজমিরী পরিবহনের একটি পরিত্যক্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
এর আগে রবিবার সন্ধ্যার পরপরই পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় এসআরবির এক সদস্য সামান্য আহত হন। একই সময়ে মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছু পরে রাত ৮টা ৩৫ মিনিটে মিরপুর ১ নম্বরের সনি হলের সামনে একটি প্রাইভেট কার লক্ষ্য করে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। একই রাতে মিরপুর বাঙলা কলেজের সামনে ফুটওভার ব্রিজের নিচে ককটেলের বিস্ফোরণ ঘটায় ও আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই রাতে দারুস সালামে ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে, খিলক্ষেত ও উত্তরা পূর্ব থানার সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানা যায়।
অন্যদিকে গত রবিবার সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও একের পর এক অন্তত ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১০টার দিকে রাজধানীর ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ছাড়া তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। ওই রাতে পান্থপথ ও যাত্রাবাড়ীর মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে, মিরপুর ১১ নম্বরে নাভানা টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণে একজন আহত হন। এ ছাড়া গত রবিবার সন্ধ্যায় রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। গত শনিবার রাতে বনানীর সেতু ভবনের গার্ডরুমের সামনে একটি ককটেল বিস্ফোরণে ওই কক্ষের কাঁচ ভেঙে যায়। পরে সেখান থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে উপজেলা পরিষদের গেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এর আগের দুই-তিন দিনও বিচ্ছিন্নভাবে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নাশকতায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ২০
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সরাসরি ককটেল নিক্ষেপে জড়িত কয়েকজন রয়েছেন, যাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানিয়েছে, গত ৫ নভেম্বর কুর্মিটোলা হাসপাতালের পাশে বিমানবন্দর সড়কে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা এবং একজন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়। ক্যান্টনমেন্ট থানা পুলিশ, ডিবি পুলিশ ও এসআরইউ পৃথক ওই অভিযান চালায়।
ডিএমপি আরও জানিয়েছে, গতকাল সোমবার বিকেলে ঢাকার সিএমএম কোর্টের সামনে ককটেল নিক্ষেপের সময় থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের (আওয়ামী লীগ) দুজনকে ককটেল ও মোটরসাইকেলসহ এবং শ্যামপুর এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর আগে রবিবার রাতে রূপনগর থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানোর চেষ্টার সময় আশরাফুল নামে একজনকে ককটেলসহ হাতেনাতে গ্রেপ্তার করার দাবি করেছে ডিএমপি। দারুস সালাম থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় গতকাল নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রাজু আহমেদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ ছাড়া রবিবার রাতে শাহবাগ থানা এলাকায় ককটেল বিস্ফোরণের সময়ও তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ডিএমপি।
৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
গতকাল বিজিবি সদর দপ্তর জানিয়েছে, চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া ও মিরপুর; নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর, পল্লিবিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।
বিজিবি সদর দপ্তর আরও জানিয়েছে, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ে মোতায়েন করা সদস্যদের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।












