• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার ফেরার পথ তৈরি করা সম্ভব নয় :মঞ্জু

প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৩:২৭
আপডেট: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৩:২৭

সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার ফেরার পথ তৈরি করা সম্ভব নয় মঞ্জু
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বোমাবাজি, বাসে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের মাধ্যমে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

 

তিনি বলেছেন, এ ধরনের সহিংসতার মাধ্যমে রাজনৈতিকভাবে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। বরং এতে আওয়ামী লীগের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে এবং জুলাইয়ের সব শক্তি আবারও ঐক্যবদ্ধ হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

মজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফেরার জন্য ডিসেম্বরের ডেডলাইন দিয়েছেন। সেই সময়কে সামনে রেখে একটি মহল দেশে জ্বালাও-পোড়াও, বাসে অগ্নিসংযোগ ও বোমাবাজি শুরু করেছে। ঘুমন্ত বাসচালককে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। মানুষ হত্যা ও বোমাবাজি করে কীভাবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের পথ তৈরি করা সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি।

তিনি বলেন, জনগণকে ভয় দেখিয়ে রাজনীতি করার কৌশল পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগের শিক্ষা হয়নি। এ ধরনের সহিংসতার কারণে নিরীহ ও অরাজনৈতিক নেতাকর্মীরাও মামলার ঝুঁকিতে পড়বেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাসদের সঙ্গে সরকারের সংঘাত-সংঘর্ষের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। সংঘাতের রাজনীতি শেষ পর্যন্ত কারও জন্যই কল্যাণ বয়ে আনে না।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘আজ শেখ হাসিনা মানেই আতঙ্ক, শেখ হাসিনা মানেই সন্ত্রাসের প্রতীক। সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে রাজনীতি করতে পারলে আওয়ামী লীগকে ক্ষমতা হারাতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করার ঘটনাও ছাত্র-জনতা ভুলে যাবে না।’

তিনি আরও বলেন, জনগণের বিদ্যুৎ, গ্যাসসহ বিভিন্ন নাগরিক দাবি নিয়ে তাঁরা আন্দোলন করছেন। কিন্তু এ ধরনের সন্ত্রাস অব্যাহত থাকলে আন্দোলনের প্রধান দাবি হয়ে উঠবে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ। আওয়ামী লীগ যত বেশি সন্ত্রাস করবে, জনগণের কাছ থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে।

মঞ্জু বলেন, মোবাইল ও কম্পিউটারে ব্যস্ত থাকা জেন-জিরাই একসময় রাজপথে নেমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আওয়ামী লীগের সন্ত্রাসের কারণে তাদের প্রতি সহানুভূতিশীল ও আড়ালে থাকা সমর্থকেরাও বিপাকে পড়বেন।

আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাসের মাধ্যমে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। ‘আমরা আগেও মজলুম ছিলাম, এখনো মজলুম আছি। আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে।’

সরকারের গোয়েন্দা তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন মঞ্জু। তিনি বলেন, সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলে তাঁরা দেখেছেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা গোয়েন্দা সংস্থাগুলোর জানা ছিল কি না, তা জানতে চান তিনি। এসব নাশকতা প্রতিরোধে গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা কী ছিল, সে প্রশ্নের জবাব দিতে হবে।

সরকার পরিস্থিতি মোকাবিলায় সক্ষম না হলে জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠনের ঘোষণা দেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে কাজ করা হবে। প্রতিটি ঘটনার দায় সরকার ও ফ্যাসিবাদী শক্তিকেই নিতে হবে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান। এ সময় এবি পার্টির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম