শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
মেরুদণ্ডের জটিল সমস্যার উন্নত চিকিৎসা নিতে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখানে বুধবার (১১ নভেম্বর) তার মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বাবর নিজেই এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া ও দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
পারিবারিক ও তার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের কারণে মেরুদণ্ডে তীব্র ব্যথাসহ কিডনিজনিত সমস্যা, শ্বাসকষ্ট এবং বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বাবর। কারাগার থেকে মুক্তির পর দেশে নিয়মিত চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের সমস্যার উন্নত ও জরুরি চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা ১১ নভেম্বর অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করেন।
অস্ত্রোপচারের আগে নিজের নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীর সর্বস্তরের মানুষ, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন লুৎফুজ্জামান বাবর। অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন কারাভোগের কারণে মেরুদণ্ডসহ নানা রোগে ভুগছিলেন বাবর ভাই। দেশে নিয়মিত চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল সেখানেই মেরুদণ্ডে অস্ত্রোপচার হবে। আমরা দোয়া করি এবং দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের এমপি লুৎফুজ্জামান বাবর ভাই যেন দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে সবার সেবা করতে পারেন।’












