সাবরেজিস্ট্রাররা ক্যাডার সার্ভিসে অন্তর্ভুক্ত হতে চান। এমন দাবি দীর্ঘদিনের। দাবির সপক্ষে যুক্তি ও তথ্যের কোনো ঘাটতিও নেই। তবে বিষয়টি নিয়ে এর আগে কোনো সরকারই যেন এগোতে চায়নি। নীতিনির্ধারক মহলের সঙ্গে আলাপ-আলোচনা করলেও বরফ গলার অবস্থায় পৌঁছায়নি। অবশ্য এবার সেটি সম্ভব হয়েছে। উঁকি দিচ্ছে আশার আলো। ফলে কালক্ষেপণ না করে নিবন্ধন অধিদপ্তরও জোরেশোরে মাঠে নেমেছে। সাবরেজিস্ট্রারদের অন্যতম দাবি পূরণের জন্য গত সপ্তাহে আইন সচিবের কাছে লিখিত প্রস্তাবনা পাঠিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক শামীমা আফরোজ।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে ২ নভেম্বর পাঠানো এ সংক্রান্ত ৪০ পৃষ্ঠার বিশদ তথ্য-উপাত্তে প্রস্তাবের বাস্তবতাকে শানিত করা হয়েছে। এজন্য পাঁচটি সংযুক্তি নথিপত্রজুড়ে তিন পৃষ্ঠার সারসংক্ষেপ পাঠানো হয়। এতে বলা হয়, রেজিস্ট্রেশন বিভাগ এ উপমহাদেশের প্রাচীনতম একটি প্রতিষ্ঠান এবং এর কার্যক্রম মূলত পরিচালিত হয় মাটি ও মানুষকে ঘিরে। দেশের আপামরসাধারণ এ বিভাগের সঙ্গে সম্পৃক্ত। জীবনে প্রত্যক্ষভাবে একবারের জন্য কেউ রেজিস্ট্রেশন বিভাগের সেবাপ্রত্যাশী হননি, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর হবে। ফলে এ বিভাগ সরকারের ‘করবো কাজ, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রত্যয় বাস্তবায়নে অবিরাম কাজ করে যাচ্ছে।
এতে বলা হয়, ২০২১-২২ অর্থবছরে দলিল নিবন্ধন করে ৩৫ লাখ ৯৮ হাজার ১৯৭টি, ২০২৫-২৬ অর্থবছরে এসেও যার সংখ্যা তেমন একটা কমেনি। এ বিভাগ ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব অর্জন করে ১৮ হাজার ৬২৪ কোটি ৯৩ লাখ টাকা। ব্যয় করে ২২৯ কোটি ৮৯ লাখ টাকা। উদ্বৃত্ত ছিল ১৮ হাজার ৩৯৫ কোটি ৪ লাখ টাকা। অথচ এভাবে রাজস্ব বৃদ্ধি সত্ত্বেও রেজিস্ট্রেশন বিভাগকে আধুনিকায়ন করাই হয়নি। নেই কোনো ক্যারিয়ার প্ল্যানিং। কেউ কেউ আবার ‘ইমেজ ক্রাইসিস’-এর অভিযোগ সামনে আনতে চান। এসব কারণে রেজিস্ট্রেশন সার্ভিসে কর্মরত মেধাবী ও উচ্চশিক্ষিত দেশপ্রেমিক কর্মকর্তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।
প্রস্তাবে দাবি করা হয়, এ সার্ভিসকে নতুন একটি ক্যাডার সার্ভিস হিসাবে সরকার সৃষ্টি করলে অন্তত সাতটি বিষয়ে সেবার মান আরও বাড়বে। এক. জনসাধারণকে আরও দ্রুত সেবা দেওয়া সম্ভব হবে। দুই. দলিল সম্পাদন বিষয়ে রাজস্ব ফাঁকি রোধ এবং জাতীয় রাজস্ব আরও বাড়বে। তিন. জনসাধারণকে চাহিদানুযায়ী (সার্চি) তথ্য তাৎক্ষণিকভাবে সরবরাহ করা সম্ভব হবে। চার. বিশ্বমানের রেকর্ড সংরক্ষণ। পাঁচ. দ্রুত ব্যক্তিগত স্থাবর সম্পত্তির বাজারমূল্য নিরূপণ সম্ভব হবে। ছয়. মেধাবী ও দক্ষ কর্মীবাহিনী আকৃষ্টকরণ ও সৃজন। এবং সাত. ভূমি সংক্রান্ত বিরোধ (মামলা-মোকদ্দমাসহ) উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। বলা হয়, প্রস্তাবিত বিসিএস (রেজিস্ট্রেশন) ক্যাডার সৃষ্টি হলে ক্যাডারভুক্ত কর্মকর্তার সংখ্যা হবে ৫৫১টি। যারা কর্মরত আছেন, তারা ক্যাডারে অন্তর্ভুক্ত হবেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও খিলগাঁও সাবরেজিস্ট্রার মাইকেল মহিউদ্দীন আব্দুল্লাহ রোববার যুগান্তরকে বলেন, আমরা আশা করছি, সরকার সাবরেজিস্ট্রারদের এই ন্যায্য দাবি পূরণ করবে। একই সঙ্গে আইনমন্ত্রীসহ সরকারপ্রধানের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কারণ, ইতোমধ্যে তাদের সব যৌক্তিক দাবিকে আমলে নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের কমিটি যা করেছে, তা এ সার্ভিসের বিগত দুইশ বছরের ইতিহাসে কোনো কমিটি করতে পারেনি।
সংগঠনের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান বলেন, তাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে ইতোমধ্যে নিবন্ধন অধিদপ্তরের (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা জারি হয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ বেশকিছু দাবি পূরণ হয়েছে। এখন আর জেলা রেজিস্ট্রার নয়, একজন সাবরেজিস্ট্রার পদোন্নতি পেয়ে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালক পর্যন্ত হতে পারবেন। তিনি বলেন, আমাদের আরও বেশকিছু যৌক্তিক দাবি পেন্ডিং রয়েছে। তবে আমরা আশাবাদী, বর্তমান সরকার তাদের নিরাশ করবে না। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জনস্বার্থে সাবরেজিস্ট্রারদের সব যৌক্তিক দাবি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রসঙ্গত, বর্তমানে বিসিএস-এর অধীন ২৬টি ক্যাডার সার্ভিস রয়েছে। এর মধ্যে সাধারণ ক্যাডার ১০টি, কারিগরি/পেশাগত ক্যাডার ১১টি এবং উভয় ধরনের ক্যাডার ৫টি। জনপ্রশাসন সংস্কার কমিশনের ২০২৫ সালের প্রতিবেদনে আরও কয়েকটি ক্যাডার সার্ভিস গঠনের প্রস্তাব এসেছে বলে উল্লেখ করা হয়। তবে প্রস্তাব আসা মানেই রাতারাতি নতুন ক্যাডার সার্ভিস গঠিত হয়ে যায় না। প্রথমত, এ বিষয়ে সরকারের প্রাথমিক নীতিগত সম্মতি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে প্রস্তাব যাবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে। সচিব অনুমোদন দিলে পরের ধাপগুলো এগিয়ে নেওয়া সহজ হয়।
জেলা রেজিস্ট্রাররা গাড়ি পাচ্ছেন : প্রথমবার জেলা রেজিস্ট্রাররা গাড়ি পাবেন। সূত্রমতে, ইতোমধ্যে এ বিষয়ে আইন মন্ত্রণালয় ইতিবাচক অবস্থান নিয়েছে। শিগ্গির এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। চূড়ান্তভাবে প্রস্তাবটি পাশ হলে ৬১টি জেলার জেলা রেজিস্ট্রারদের জন্য গাড়ি কিনতে ব্যয় হবে ৩৫ কোটি টাকা।













