• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

গুম-খুনের শিকার বিএনপি নেতাকর্মীদের পরিবারের প্রতি সরকার উদাসীন: রিজভী

প্রকাশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৪:১০
আপডেট: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৪:১০

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন-বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন তাদের ও তাদের পরিবারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার উদাসীন। এসব পরিবারের শোক ও মাতম আমরা দেখতে পাইনা। তাদের ব্যথা শুধু তাদের পরিবারই বুঝতে পারে। জুলাই আন্দোলনে ১৭/১৮ জন রিকশা শ্রমিক শহীদ হয়েছেন, তাদের পরিবারগুলো অনেক কষ্টে জীবনযাপন করছে। তাদের সন্তানরা যারা স্কুল কলেজে লেখাপড়ে করে তাদের বেতন দিতে পারছে না। আজকের অন্তর্বর্তী সরকার যেমন ছাত্রদের, তেমন সাধারণ জনগণ ও শ্রমিকদেরও। এসব পরিবারকে পুনর্বাসন করার দায়িত্ব এই সরকারের।

তিনি আজ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল আয়োজিত গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার প্রদানকালে এসব কথা বলেন।

বিএনপি’র মুখপাত্র বলেন, কি সংস্কার করবে না করবে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গড়িমসি করছে। নির্বাচন নিয়ে সরকার একেক সময় একেক কথা বলছে। অন্তর্বর্তী সরকার নিখোঁজ হওয়া, হারিয়ে যাওয়া, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা দুনিয়া কাঁপানো আন্দোলনের রক্তের ওপর দাঁড়িয়ে আছে। তারা নির্বাচন দিতে দেরি করে কেন ? তিনি বলেন, হাসিনা বিরোধী আন্দোলনে এত গুম হলো, শহীদ হলো, আহত হলো অথচ সরকার তাদের কোন খোঁজ নিচ্ছে না। কিছু কিছু উদ্যোগ চোখে পড়লেও সামগ্রিক উদ্যোগ চোখে পড়ছে না। অথচ সরকারের কিছু লোকেরা এলাকায় এমপি হবেন, মন্ত্রী হবেন এসব নিয়ে ব্যস্ত আছেন।

কুমিল্লার মুরাদনগরে বিএনপি নেতাকর্মীদের হঠাৎ করে গ্রেপ্তার করা শুরু হয়েছে ঈদের প্রাক্কালে। কি কারণে গ্রেফতার করা হচ্ছে তা বলছে না, আমি চার থেকে পাঁচবার এসপি-কে ফোন দিয়েছি, তিনি ফোন ধরছে না।

বিএনপি নেতাকর্মীরা হাসিনার অত্যাচার নিপীড়ণ সহ্য করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে। আপনারও যদি হাসিনার মতো কাজ করেন, আপনারা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন প্রশ্ন রাখেন রিজভী। রিজভী বলেন, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখন হাসিনার দোসরা রয়েছে। তাদেরকে আপনারা লালন করছেন। যারা একটু বিএনপি’র সমর্থক সরকারী কর্মকর্তা আছেন তাদেরকে ঢাকা থেকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন। তাদেরকে নাজেহাল করা হচ্ছে। এখনও প্রশাসনে হাসিনার জীবানুরা রয়ে গেছে, তারাই নানা প্রকার ষড়যন্ত্র করছে এবং অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এই পরিস্থিতি চলতে দেয়া যায় না।

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের আহবায়ক শামীম মাহমুদের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সহ-সভাপতি ডাঃ আব্দুল আওয়াল।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com