• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১:১০
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ১:১০

চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটি নিয়েও অভিযোগ, পদ পেয়েছেন সন্তানের বাবারা!
 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। তবে নতুন এই কমিটি ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। কমিটিতে পদ পাওয়া সভাপতিসহ পাঁচজন নেতা বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া কমিটির একাধিক নেতার সন্তান রয়েছে বলেও জানা গেছে।

 

শনিবার (২১ নভেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন জুয়েল মাহমুদ। সিনিয়র সহসভাপতি হয়েছেন সাইফুল ইসলাম। সহসভাপতি হিসেবে রয়েছেন সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল। এদের মধ্যে সাইমুজ্জামান মিশা বিবাহিত এবং তিনি এক সন্তানের জনক বলে অভিযোগ রয়েছে।

 

এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আমান উল্লাহ আমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী ও ওয়ালিদ হাসান। তাদের মধ্যে মাহবুবুর রহমান বিবাহিত বলে অভিযোগ রয়েছে।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরাফাত হোসেন। তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক বলে জানা গেছে। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন শোয়েব তিতাস। প্রচার সম্পাদক হয়েছেন রাশিদুল ইসলাম। তিনিও বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের জনক বলে অভিযোগ রয়েছে।

 

 

জেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন কমিটির সভাপতি জুয়েল মাহমুদসহ পাঁচজন নেতা বিবাহিত এবং তাদের সন্তান রয়েছে। তাদের দাবি, সভাপতির আট বছর বয়সি এক সন্তান রয়েছে।

এর আগে, গত ১ নভেম্বর জেলা ছাত্রদলের আগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় সংসদ। সে সময় তৎকালীন সভাপতি শাহাজান খানের ছেলের এইচএসসি পাশের খবর ছড়িয়ে পড়ার পর কমিটি বিলুপ্ত করা হয়। ওই কমিটিতে সাধারণ সম্পাদক ছিলেন মোমিন মালিতা।

নতুন কমিটিতে বিবাহিতদের থাকার অভিযোগের বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি জুয়েল মাহমুদ বলেন, ভাই, আমি মিছিলে আছি। একটু পরে আপনার সঙ্গে কথা বলব।

 

তবে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, চুড়াডাঙ্গা জেলা ছাত্রদলের যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে কেউ বিবাহিত আছে বলে জানা নেই। যদি কমিটির কেউ বিবাহিত হন কিংবা কারও ছেলে-মেয়ে থেকে থাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির শনিবার (২১ নভেম্বর) রাতে মোবাইল ফোনে যুগান্তরকে বলেন, আজকে চুড়াডাঙ্গা জেলা ছাত্রদলের যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে কেউ বিবাহিত আছে বলে জানা নেই। যদিও ছাত্রদলে আপাতত বিবাহিত হওয়ার বিষয়টি শিথিল বলা যায়। তবে কেউ সন্তানের বাবা কিনা- সেই বিষয়টি অবগত নই। তিনি আরও যোগ করেন, আমাদের কমিটির দেওয়ার একটা সিস্টেম আছে। ঠিকভাবে যাচাই-বাছাই করেই কমিটি দেওয়া হয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম