• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

জনস্বার্থের প্রকল্পগুলোতে অগ্রাধিকার দেওয়ার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৫
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ৫:২৫

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ প্রদান করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-তে অন্তর্ভুক্ত, অনুমোদিত (সবুজ পাতায়) ও প্রস্তাবিত নতুন প্রকল্পসমূহের অনুমোদন ও পর্যালোচনা বিষয়ক একটি সভায় তিনি এ গুরুত্বারোপ করেন।

প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ ও দায়িত্ব বণ্টনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার নির্দেশ দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

ঢাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন খালগুলো নিয়মিত পরিষ্কার ও কার্যকর রাখার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে সুয়ারেজ ট্রিটমেন্টের মাধ্যমে পরিশোধিত পানি নদীতে নির্গমনের ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকারের পরিকল্পনা ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে থাকতে হবে। ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, একই ধরনের প্রকল্পকে ক্লাস্টারভিত্তিকভাবে সমন্বিত করার মাধ্যমে প্রকল্পের পুনরাবৃত্তি ও ওভারল্যাপ কমানো সম্ভব হবে। এতে সরকারি সম্পদের অপচয় কমার পাশাপাশি প্রকল্পের কার্যকারিতাও বাড়বে।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজন হলে সম্পূরক প্রকল্প গ্রহণ করা যেতে পারে। একইসঙ্গে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ করে নিয়মিত অগ্রগতি পর্যালোচনা করার কথা বলেন তিনি। প্রয়োজন অনুযায়ী প্রকল্পের পরিধি পুননির্ধারণ, রি-স্কোপিং ও মার্জারের মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে সভায় পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. বাবুল মিঞা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান, ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম