শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
গার্মেন্টস শ্রমিকদের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে যে অসন্তোষ, ভাঙচুর ও নাশকতার ঘটনা ঘটছে, তা প্রকৃত শ্রমিকদের আন্দোলন নয়, বরং রাজনৈতিক আন্দোলনের অংশ বলে মন্তব্য করেছেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। এসব ঘটনায় প্রকৃত শ্রমিকদের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নাজমা আক্তার বলেন, নিম্নতম মজুরি বোর্ড গঠনের পরও বিভিন্ন স্থানে আন্দোলন ও কারখানা ভাঙচুরের ঘটনা ঘটছে। মিরপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের নাম ব্যবহার করে নানা ঘটনা ঘটানো হচ্ছে। গাজীপুরেও বিভিন্ন পক্ষের সংশ্লিষ্টতায় পরিস্থিতি জটিল হয়ে উঠছে। এসব ঘটনার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে মনে করেন তিনি।
শ্রমিকদের নাম ব্যবহার করে নাশকতা ও শিল্পকারখানা ভাঙচুরে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। নাজমা আক্তার বলেন, ‘শিল্প-কারখানা ধ্বংস করে তো লাভ নেই।’
তিনি আরও বলেন, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ এবং নতুন মজুরি নির্ধারণে সরকার উদ্যোগ নিয়েছে। এমন পরিস্থিতিতে শিল্পকারখানা ভাঙচুর ও আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই।
নতুন মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নাজমা আক্তার। তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে বোর্ড গঠন করা হয়েছে। দ্রুততম সময়ে বোর্ড গঠন করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে নতুন মজুরি নির্ধারণের কাজে সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়ে দ্রুত মজুরি ঘোষণা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।












