• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নতুন সংবিধানের পথে হাঁটছি, লড়াই দীর্ঘ: তাসনিম জারা

প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৫
আপডেট: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৩৫

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, আগামীর বাংলাদেশ আপনার-আমার বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ, নারীদের বাংলাদেশ, আমাদের মা-খালাদের বাংলাদেশ। এই বাংলাদেশ যাতে সবার হয় সেই চেষ্টাই আমরা করছি। যে সংবিধান আপনার-আমার অধিকার সংরক্ষিত রাখবে সেই সংবিধানের পথেই আমরা হাঁটব। আমাদের পথটা অনেক লম্বা। খুব সহজেই যে আমরা এ লড়াইয়ে জিতব- সেটি ধরে নিচ্ছি না। আমাদের দীর্ঘ সংগ্রাম করতে হবে। আমরা এর জন্য প্রস্তুত।

সোমবার বিকালে সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামে ‘গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের জাতীয় দাবিতে’ আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাসনিম জারা আরও বলেন- শেখ হাসিনার আমলে সীমাহীন খুন, গুম ও নির্যাতন হয়েছে। তার ১৫ বছরের সব নির্বাচনই ছিল অবৈধ। তারপর তরুণদের নেতৃত্বে আপামর জনগণ রক্ত দিয়ে হাসিনাকে হটিয়ে ইন্টেরিম সরকারকে ক্ষমতায় পাঠিয়েছে; কিন্তু গত একটি বছর ধরে এই বিপ্লবী তরুণদের নিয়ে নানা কটু কথা হচ্ছে। বলা হচ্ছে- আমরা বয়সে ছোট। আমরা কিভাবে দেশ চালাব। কিন্তু এই ছোট মানুষদেরই কিন্তু দেশের প্রতি মায়া বেশি। তরুণরা ক্ষমতার প্রতি প্রশ্ন ও চ্যালেঞ্জ ছুড়তে পারে। তাদের সেই সাহস আছে। সুতরাং তরুণরা শুধু রাজপথে রক্ত দেবে, কিন্তু তাদের মতামতের গুরুত্ব দেওয়া হবে না- সেটি আর এ দেশে চলতে দেওয়া হবে না।

চব্বিশের অভ্যুত্থানে নারীরা একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উল্লেখ করে এনসিপির কেন্দ্রীয় এই নেত্রী বলেন- কিন্তু বিপ্লবী নারীরা এখন সাইবার বুলিংয়ের শিকার। যেসব নারী রাজনীতি করতে চান তাদের নিরাপদ স্থান গড়ে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

সিলেট জেলা এনসিপি সদস্য ও ফরিদপুর গ্রামের বাসিন্দা সামসুজ্জামান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী, যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগীয় সংগঠক নাহিদ উদ্দিন তারেক, সিলেট মহানগর শাখার প্রধান সমন্নয়ক আবু সাদেক মোহাম্মদ খায়রুল চৌধুরী, জেলা সদস্য সুহেল আহমেদ মুসা, আয়েশা সিদ্দিকা প্রিয়া ও মো. গিয়াস উদ্দিন। উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নারী ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম