• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

১১ দলের বৈঠকে যে সিদ্ধান্ত এলো

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১১:৩৩
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ১১:৩৩

১১ দলের বৈঠকে যে সিদ্ধান্ত এলো
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যের ভিত্তি নির্ধারণ করেছেন নেতারা।

 

গণভোটের গণরায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধকে জাতীয় ঐক্যের মৌলিক ভিত্তি হিসাবে গ্রহণ করতে হবে। সরকার এসব বিষয়ে আন্তরিক ও কার্যকর উদ্যোগ গ্রহণ করলে ১১ দলীয় ঐক্য জাতীয় ঐক্যের বৃহত্তর আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত বলে মত দেন নেতারা।

রোববার ১১দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ডিসেম্বর ঘিরে পরাজিত ফ্যাসিবাদীদের নাশকতা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলার কথাও জানান তিনি।

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ বলেন, ১১দলীয় ঐক্যের চলমান কর্মসূচির অংশ হিসাবে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখে লংমার্চ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা, বিকল্প হিসাবে ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নে নানা কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং জনদুর্ভোগের আশঙ্কা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করা সরকারের রাজনৈতিক ও গণতান্ত্রিক দায়িত্ব। অথচ সরকার তা বাস্তবায়ন এবং সংস্কার পরিষদ গঠনে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত সংস্কার উদ্যোগগুলো বাতিলের মাধ্যমে সরকার সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, জনগণের রায় উপেক্ষা করে দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার পরিণতি শুভ হবে না।

 

সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ করে হামিদুর রহমান আযাদ বলেন, দেশে একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে। মানুষের জানমালের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে। অথচ সরকার এসব অপরাধ দমনে দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

 

জাতীয় ঐক্যের প্রশ্নে তিনি বলেন, জাতীয় ঐক্য শুধু কথার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না; এর জন্য প্রয়োজন অভিন্ন নীতি, অঙ্গীকার ও কার্যকর পদক্ষেপ। তিনি বলেন, বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যের ভিত্তি হবে জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের সব হত্যা ও গুম-খুনের বিচার।

১১ দলের লিয়াজোঁ কমিটির সভায় উপস্থিত ছিলেন-এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম