শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রের জন্য চূড়ান্ত বিধিমালা সুরক্ষার দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ বিষয়ে নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হলেও তিনি ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, কাজিরা মুসলিম নারী-পুরুষের বিয়ের মতো একটি পবিত্র দায়িত্ব পালন করেন। ঐতিহাসিকভাবে বিভিন্ন রাজা-বাদশা ও রাষ্ট্রপ্রধান কাজিদের মতামতকে গুরুত্ব দিয়ে আসছেন।
তিনি বলেন, বিগত সময়ে আলেম-ওলামাদের জঙ্গি তকমা দিয়ে অসম্মানিত করা হতো। কিন্তু মিথ্যা কখনো চিরস্থায়ী হয় না, সত্য চিরকাল সত্যই থাকে। আলেম-ওলামারা বর্তমান সরকারের পাশে রয়েছেন বলেই সরকার ক্ষমতায় আসতে পেরেছে। বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী।
আলেম-ওলামাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যাতে রাষ্ট্রক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার তীব্র নিন্দা জানান তিনি।
হুইপ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আলেম-ওলামাদের যথেষ্ট সম্মান করেন। নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্রসংক্রান্ত বিধিমালা সুরক্ষার দাবির বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
সমাবেশে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি, মহাসচিবসহ বিভাগ ও জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এলিস/এসএন












