ছবি : প্রতিনিধি
শরীয়তপুরের ভেদরগঞ্জে কবর খুঁড়ে ফাহিমা নামে এক শিশুর মরদেহ চুরির অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, কোনো কবিরাজ মরদেহগুলো নিয়ে যেতে পারে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে উপজেলার সখিপুরের উত্তর তারাবুনিয়া ইউনিয়নের ছুরিরচর এলাকার একটি পারিবারিক কবরস্থানে এ ঘটনা জানাজানি হয়।
স্বজনরা জানান, গত ২৩ অক্টোবর পানিতে পড়ে মারা যায় স্থানীয় বাসিন্দা গোলাম হোসেন খালাসীর এক বছর এক মাস বয়সি মেয়ে ফাহিমা। পরে ছুরিরচর মমতাজউদ্দিন মাহমুদ কান্দি এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায়ও মেয়ের কবরের পাশে গিয়ে দোয়া করিয়েছিলেন তার মা। কিন্তু রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে মরদেহটি নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।
মঙ্গলবার ভোরে কবরস্থানে গিয়ে কবর খোঁড়া এবং ভেতরে মরদেহ না থাকার বিষয়টি দেখতে পান স্বজনরা। খবর ছড়িয়ে পড়লে সেখানে ভিড় করেন স্থানীয়রা। সন্তান হারানোর পর কবর থেকেও মরদেহ উধাও হয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা-বাবা ও স্বজনরা।
শিশুটির মা শাহাজান বেগম বলেন, ‘মেয়েকে হারানোর কষ্ট এখনো কাটিয়ে উঠতে পারেননি। মাঝেমধ্যে কবরের পাশে গিয়ে দোয়া করি। আগের দিন সন্ধ্যাতেও হুজুর দিয়ে মেয়ের জন্য দোয়া করিয়েছি। এখন কবর থেকেই আমার মেয়ের মরদেহ চুরি হয়ে গেছে।’
স্থানীয় বাসিন্দা মোকবিল হোসেন বলেন, ‘এই কবরস্থান থেকে এর আগেও গত দুই বছরে আরও দুটি মরদেহ চুরির ঘটনা ঘটেছে। সেগুলোরও কোনো সন্ধান মেলেনি। তাদের ধারণা, কোনো কবিরাজ মরদেহগুলো নিয়ে যেতে পারে।’
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, ‘ঘটনাটি জানতে পেরে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’













