• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ঢাকা

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:১৩
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১:১৩

নিত্যপণ্যের বাজারে অভিযান, ৭০ প্রতিষ্ঠানকে জরিমানা
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নিত্যপণ্যের বাজারে অনিয়ম, অতিরিক্ত দামে বিক্রি ও ভেজাল প্রতিরোধে দেশজুড়ে অভিযান চালিয়ে ৭০টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগরসহ ৩৫টি জেলায় অধিদপ্তরের ৪৭টি টিম এ অভিযান চালায়। এ সময় গাজীপুরের টঙ্গী বাজারে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া ভেজাল সস বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ধ্বংস করা হয় ৫০০ লিটার ভেজাল সস।

অধিদপ্তর জানায়, পাইকারি ও খুচরা বাজারে ভোজ্যতেল, ছোলা, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি তদারকির পাশাপাশি অতিরিক্ত দামে বিক্রি, অযৌক্তিক মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি এবং ওজন ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, নকল-ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন এবং হোটেল-রেস্তোরাঁয় বিধিবিধান লঙ্ঘনের বিষয়েও নজরদারি করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, সঠিক ওজন নিশ্চিত করা এবং পণ্যের সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।

গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে টঙ্গী বাজারে পরিচালিত অভিযানে পাঁচ লিটার ধারণক্ষমতার ১০০টি পাত্রে থাকা ৫০০ লিটার ভেজাল সস ধ্বংস করা হয়। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া এসব সস বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।

বাজারে কৃত্রিম সংকট এড়াতে প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে অধিদপ্তর। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

পণ্য কেনায় অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১-এ অভিযোগ জানাতে পারবেন ভোক্তারা। বাজারে শৃঙ্খলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম