• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

পদ্মা সেতুতে রেল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ১২:২৫
আপডেট: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩ ১২:২৫

 

নিউজ ডেস্ক

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল আকাঙ্ক্ষিত আরেকটি স্বপ্ন পূরণের দিন আজ। স্বপ্নের পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় মাওয়া প্রান্তে পৌঁছান তিনি। এদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু দিয়ে রেল চলবে। এতে এ অঞ্চলের মানুষের ভাগ্যের নতুন দ্বার উন্মোচন হবে।

পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর পর্যন্ত রেলপথ ১৭২ কিলোমিটার। পুরো কাজ শেষ হয়নি। তবে শেষ হয়েছে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার রেলপথের কাজ। মাওয়া অংশে সুধী সমাবেশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর ট্রেনে মাওয়া থেকে ভাঙ্গা যাওয়ার কথা রয়েছে। পরে ভাঙ্গায় আরেকটি সুধী সমাবেশে বক্তব্য দেবেন শেখ হাসিনা।

উদ্বোধনের এক সপ্তাহ পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানোর প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ। পুরো রেলপথ চালু হলে আরও সহজ হবে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রেল যোগাযোগ। ফলে এ অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রেল কর্তৃপক্ষ জানান, শুরুতে তিনটি স্টেশনে ট্রেন থামবে। এগুলো হলো মাওয়া, পদ্মা (জাজিরা) ও শিবচর। পাশাপাশি শিগগিরই চালু হবে মুন্সীগঞ্জের নিমতলা স্টেশন। এরই মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত সবকটি রেলস্টেশন বর্ণিল সাজে সাজানো হয়েছে। সমাবেশস্থল, উদ্বোধনী ট্রেন সাজানো শেষ হয়েছে। কমলাপুর-গেন্ডারিয়া-ভাঙ্গা জংশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

প্রকল্প সূত্র জানায়, আপাতত কমলাপুর স্টেশন থেকে মাওয়া হয়ে পদ্মা সেতু পেরিয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। এজন্য চীন থেকে কেনা নতুন সাতটি কোচের সমন্বয়ে একটি বিশেষ ট্রেন প্রস্তুত করা হয়েছে।

পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটের দুটি আন্তঃনগর ট্রেন, সুন্দরবন ও চিত্রা, ঢাকা-বেনাপোল রুটের বেনাপোল এক্সপ্রেস বর্তমান রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে। এছাড়া ঢাকা-কলকাতা রুটের আন্তর্জাতিক ট্রেন মৈত্রী এক্সপ্রেসও রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে ঢাকায় আসবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম