• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৩:৪৭
আপডেট: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৩:৪৭

 

জনতার আওয়াজ ডেস্ক
রোমান ক্যাথলিক ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে এ তথ্য জানান। এর আগে শুক্রবার কাতারের দোহা থেকে সরাসরি ইতালির রোমে যান প্রধান উপদেষ্টা।

আজ শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হচ্ছে। তিনি গত সোমবার ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

এএফপির খবরে বলা হয়েছে, সেন্ট পিটার্স স্কয়ারে একটি বহুভাষিক প্রার্থনাসভার পর তার কফিন নেওয়া হবে রোমের কেন্দ্রস্থলে অবস্থিত সান্তা মারিয়া মেজিওরে বাসিলিকায়, সেখানেই তাঁকে সমাহিত করা হবে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ভোর সাড়ে ৫টায় (বাংলাদেশ সময় সকাল ১১:৩০) সেন্ট পিটার্স স্কয়ার উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর কিছুক্ষণ পরেই স্থানীয় সময় সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া সেন্ট পিটার্স স্কয়ারে পৌঁছাবেন।

আর সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) কার্ডিনালদের কলেজের ডিন, ইতালির জিওভান্নি বাতিস্তা রে-এর নেতৃত্বে অন্ত্যেষ্টিক্রিয়ার মূল প্রার্থনাসভা শুরু হবে।

শুক্রবার সন্ধ্যায় সিল করে রাখা পোপ ফ্রান্সিসের কাঠ ও দস্তায় তৈরি কফিনটি বাসিলিকার সামনে অস্থায়ীভাবে তৈরি একটি বেদীর সামনে রাখা হয়। বেদীর বাম দিকে, সেন্ট পিটার্সের সম্মুখীন হয়ে লাল পোশাকে কার্ডিনালরা বসবেন। ডান দিকে বসবেন বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে আগত প্রতিনিধি দলগুলো, নামের অক্ষর অনুসারে।

প্রার্থনাসভার সময়কাল হবে আনুমানিক ৯০ মিনিট। এতে অংশ নেবেন ২২৪ জন কার্ডিনাল এবং ৭৫০ জন যাজক ও বিশপ।

অনুষ্ঠানের পর্যায়ক্রমিক অংশগুলো হবে— ধর্মীয় পাঠ; কার্ডিনাল রে-এর ধর্মোপদেশ; বিভিন্ন ভাষায় প্রার্থনা; রুটি ও মদের পবিত্রীকরণ; অংশগ্রহণকারীদের মধ্যে শান্তিবার্তা বা করমর্দন; ইউখারিস্ট; এক মিনিট নীরবতা; প্রধান যাজকের পবিত্র পানি ছিটানো এবং প্রার্থনাসভার শেষে কফিনটি সেন্ট পিটার্স বাসিলিকার ভেতরে নেওয়া হবে।

আর সকাল সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টা) কফিন সান্তা মারিয়া মেজিওরে বাসিলিকার উদ্দেশে যাত্রা করবে, যেখানে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে। শোকসন্তপ্ত জনগণ অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না, তবে নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে তারা শোভাযাত্রাটি দেখতে পারবেন।

চার কিলোমিটার দীর্ঘ যাত্রাপথে শববাহী গাড়িটি ধীরে ধীরে চলবে এবং এতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। যাত্রাপথের গুরুত্বপূর্ণ স্থানগুলো হলো— ভ্যাটিকান সিটির পশ্চিম দিকের গেট ‘পোর্তা দেল পেরুজিনো’- টাইবার নদী পার হওয়া- কর্সো ভিটোরিও ইমানুয়েল- পিয়াচ্ছা ভেনেজিয়া- ভিয়া দেই ফোরি ইম্পেরিয়ালি- কলোসিয়াম- ভিয়া লাবিকানা- ভিয়া মেরুলানা।

বেলা ১২টার দিকে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়) কফিন সান্তা মারিয়া মেজিওরে পৌঁছবে। সেখানে ‘দরিদ্র ও অসহায়’ জনগণের একটি দল তাকে স্বাগত জানাবে। কার্ডিনাল কেভিন ফ্যারেলের নেতৃত্বে, যিনি বর্তমানে ক্যামেরলেনগো হিসেবে নতুন পোপ নির্বাচনের আগ পর্যন্ত ভ্যাটিকানের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন, অন্ত্যেষ্টিক্রিয়াটি ব্যক্তিগতভাবে সম্পন্ন হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম