• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন কেমন কাটলো তারেক রহমানের

প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৫:৩৫
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৫:৩৫

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম জন্মদিন কেমন কাটলো তারেক রহমানের
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ভিন্ন রকম আবহে নিজের ৬২তম জন্মদিন কাটালেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ সরকার প্রধান হিসেবে এটি ছিল তার প্রথম জন্মদিন।

বিশেষ এই দিনটি তিনি কাটিয়েছেন অত্যন্ত সাদামাটাভাবে। ব্যক্তিগতভাবে শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর শিশুদের সঙ্গে কুশল বিনিময়সমহ আনন্দঘন মুহূর্ত কাটান তিনি। তাদের খেলনাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

দলের একাধিক নেতা জানান, অতীতের সরকারপ্রধানদের মতো প্রধানমন্ত্রীর জন্মদিনে কেক কাটাসহ আড়ম্বরপূর্ণ কোনও কর্মসূচি রাখা হয়নি। তবে তাকে ভালোবেসে দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজস্ব উদ্যোগে কিছু কর্মসূচি পালন করেছেন।

কেউ কেউ দোয়া মাহফিল ও এতিমখানার শিশুদের মধ্যে বিশেষ খাবার বিতরণ করেন। অবশ্য এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমী আয়োজন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার নিজ নির্বাচনি এলাকা বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে ৬২ হাজার নিমগাছের চারা এবং বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ করেন তিনি।

এর বাইরেও বিভিন্ন জেলা-উপজেলায় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয়। অনেকে ফেসবুকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে পোস্ট দেন।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি বাংলা ট্রিবিউনকে বলেন, এমনিতেই প্রধানমন্ত্রী তারেক রহমান জাঁকজমক পছন্দ করেন না। তাই তিনি তার জন্মদিন নিয়ে অতিরঞ্জিত কিছু করতে আগ্রহী ছিলেন না।

শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত

নিজের ৬২তম জন্মদিনে কেক কাটা বা বিশেষ কোনও কর্মসূচিতে অংশগ্রহণ না করলেও শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘনমুহূর্ত কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ শেষে তাদের সঙ্গে কুশল বিনিময় ও আড্ডায় মেতে ওঠেন তিনি। কে কোন খেলা পছন্দ করে সেটিও জানতে চান প্রধানমন্ত্রী। পছন্দ অনুযায়ী তাদের হাতে উপহার হিসেবে তুলে দেন ক্রীড়া সামগ্রী। এ সময় শিশুরাও প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। এ সময় উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপনে ব্যতিক্রমী আয়োজন করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সব শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ কর্মসূচির আয়োজন করেন তিনি। প্রথম ধাপে শুক্রবার ৫ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও মগ তুলে দেন তিনি। এছাড়াও রবিবার (২২ নভেম্বর) সব শিক্ষা প্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার মগ ও নিমের চারা পৌঁছে দেওয়ার কথা জানান। তিনি বলেন, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতেই তার এ উদ্যোগ।

ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা রোপণ ছাত্রদলের

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ৬২ ধরনের গাছের চারা রোপণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি এইচ এম আবু জাফরের উদ্যোগে শুক্রবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে পরিবেশবান্ধব এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ৬২ ধরনের ফলদ, ফুল ও বনজ গাছের চারা রোপণ করেন নেতা-কর্মীরা। এসব গাছের মধ্যে উল্লেখযোগ্য হলো আম, জাম, কাঁঠাল, লিচু, কাঠগোলাপ, নিম, বাগানবিলাস, বাদাম, রেইনট্রি, কৃষ্ণচূড়া, মেহগনি, রঙ্গণ ও নারকেলগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ।

এর বাইরেও দলীয় নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম