শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক অপতৎপরতার বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
জানা গেছে, এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন দলটির সদস্যসচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
অন্যদিকে, বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদসহ জ্যেষ্ঠ নেতারা বৈঠকে উপস্থিত থাকতে পারেন।
এনসিপি সূত্র জানায়, জামায়াতে ইসলামী চেয়েছিল ১১ দলীয় ঐক্যের সবাইকে নিয়ে একসাথে বসতে। এর নেতৃত্বও দেবেন তারা৷ কিন্তু এনসিপি আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য সরকারের পক্ষ থেকে আলাদা সময় নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে এনসিপি।
তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনসিপি সূত্র আরও জানায়, সংলাপে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তুলে ধরবে দলটি। এ ছাড়া বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেন এনসিপির নেতারা।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ওই বৈঠকে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার বিষয়ে একমত হন দুই নেতা।












