• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১:২১
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ১:২১

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬।

শনিবার (২১ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেরা অংশ নেন।

বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান ও সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক। বক্তব্যে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ, মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদানের কথা তুলে ধরেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও অঙ্গীকারের দীর্ঘদিনের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের বিষয়টিও তিনি স্মরণ করেন।

প্রীতি রহমান আরও বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে সশস্ত্র বাহিনীর ঐতিহ্য অক্ষুণ্ন রাখা এবং ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীকে প্রস্তুত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতীয় জনগণ ও দেশটির সামরিক বাহিনীর সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার। বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে গভীর ও বহুমাত্রিক উল্লেখ করে তিনি দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন।

তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বন্ধু ও অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘দুই দেশের এ সম্পর্ক পারস্পরিক আস্থা, উপলব্ধি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে গড়ে উঠেছে। আগামী দিনে প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।’

তিনি বাংলাদেশ ও ভারতকে ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ স্বাভাবিক অংশীদার হিসেবে অভিহিত করেন।

কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম