• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

প্রাণিসম্পদ খাতে বীমা সম্প্রসারণে নীতিমালা প্রণয়ন

প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৮:০৭
আপডেট: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৮:০৭

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রাণিসম্পদ খাতে বীমা সম্প্রসারণে স্বল্প সময়ে নীতিমালা প্রণয়ন করা হবে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রাণিসম্পদ খাতে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি ও প্রাণিবীমা সম্প্রসারণে চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, প্রাণিসম্পদ খাতে বীমা সম্প্রসারণে একটি যৌথ কার্যকরী কমিটি গঠন করা দরকার। প্রাণিবীমার জন্য নীতিমালা কিভাবে করা যায়, এক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা আছে, কী সুযোগ আছে এটা আগে নির্ধারণ করতে হবে। প্রাণিসম্পদ খাতে বীমা প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ দরকার।

প্রাণিসম্পদ খাতে বীমা ধারণার সাথে একমত পোষণ করে তিনি বলেন, প্রাণিসম্পদ খাতকে বীমার আওতায় নিয়ে আসা দরকার। বীমা একটি প্রচলিত ব্যবস্থা। এ প্রচলিত ব্যবস্থায় প্রাণীকে অন্তর্ভুক্ত করা সম্ভব। গবাদিপ্রাণী আমৃত্যু অবদান রেখে যাচ্ছে। মানুষের উপকারের দিক থেকে গবাদিপ্রাণী কোন অংশেই কম নয়।

মৃত্যু পর্যন্ত তার উপযোগিতা ও উপকারিতা ভোগ করার সুযোগ আমাদের রয়েছে। এ প্রাণী যারা লালন-পালন করবেন, সেক্ষেত্রে একটি ব্যবস্থাপনার নিয়ে আসা প্রয়োজন। এ বিষয়টি নিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় কার্যক্রম চলমান আছে।

তিনি আরও বলেন, প্রাণিবীমা সম্প্রসারণে একটি কমিটি গঠন করে নীতি নির্ধারণ করতে হবে। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সাথে নিয়ে কাজ করবে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে এ পলিসি নির্ধারণে কাজ শুরু করা হবে, পরিকল্পনা প্রণয়ন করা হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, প্রাণিসম্পদ খাত কর্মসংস্থানের বড় উৎস। এ খাত বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে। এ খাতে ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অত্যন্ত উৎসাহব্যঞ্জক। বীমা থাকলে সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা যায়। বীমা ব্যবস্থা উৎপাদন ত্বরান্বিত করতে অপরিহার্য। এজন্য প্রাণিসম্পদ খাতে বীমা জনপ্রিয় করতে হবে, প্রচারণায় গুরুত্ব দিতে হবে।

আরও উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মোজাফফর হোসেন পল্টু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম