বরগুনা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
বরগুনা জেলা যুবদলের দীর্ঘ ৯ বছর পর নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন জাবেদুল ইসলাম জুয়েল এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট ইশতিয়াক জলিল সোহাগ।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এর আগে, ২০১৮ সালে বরগুনা জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। এরপর থেকে আহ্বায়ক কমিটির মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘ বিরতির পর নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে জেলা যুবদলে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির কার্যক্রম শুরুর পথ তৈরি হলো।
নতুন কমিটি ঘোষণার পরপরই বরগুনা শহরে আনন্দ মিছিল বের করেন যুবদলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতা-কর্মীরা। পরে কমিটি ঘোষণার আনন্দে শহরে মিষ্টি বিতরণ করা হয়।













