শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
রাজশাহী মহানগর যুবদলের কমিটিতে নতুন করে পদায়ন ও কয়েকজন নেতাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন বঞ্চিত নেতাকর্মীদের একাংশ। বিক্ষোভকারীদের ক্ষোভ ও প্রতিবাদের মুখে ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বশেষ পদায়ন ও অব্যাহতির সিদ্ধান্ত বাতিল করেছে কেন্দ্রীয় যুবদল।
শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর রাজারহাতা এলাকায় মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির ভাড়া বাসার সামনে জড়ো হন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। সেখানে রাত ১২টা পর্যন্ত অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা। পরে নগরীর ডিঙ্গাডোবা এলাকায় আহ্বায়ক শরিফুল ইসলাম জনির বাসভবনের সামনে যান বিক্ষোভকারীরা। তবে বাসাটি তালাবদ্ধ থাকায় কিছুক্ষণ অবস্থানের পর ফিরে যান তারা।
এর আগে শনিবার কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগর যুবদলের কমিটিতে নতুন করে ১৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত এবং কয়েকজনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। বিএনপিতে যোগদান ও মৃত্যুজনিত কারণে সৃষ্ট শূন্য পদ পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে নতুন পদায়নের তালিকা প্রকাশের পরপরই সংগঠনের একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
বিশেষ করে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকিকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বেশি আপত্তি ওঠে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে যুক্ত থাকা এবং মামলা, হামলা ও কারাভোগ করা পরীক্ষিত নেতাদের উপেক্ষা করে বিতর্কিতভাবে পদ বণ্টন করা হয়েছে। এতে ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া এবং গত ১৫ জুলাই যুগ্ম আহ্বায়কের পদ পাওয়া নেতা ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল বলেন, একটি সংগঠন ছেড়ে আসা নেতাকে সাইনিং পাওয়ারসহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ দীর্ঘদিন ধরে মামলা, হামলা ও কারাভোগ করা নেতাদের বড় পদ পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের বঞ্চিত করা হয়েছে।
মহানগর যুবদলের সদস্য মোফাজ্জল ইসলাম শুভ বলেন, যাকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি মহানগর ছাত্রদলে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারেননি। অথচ বিএনপির রাজনীতি করতে গিয়ে তারা ও তাদের পরিবারের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘদিন ত্যাগ স্বীকার ও নির্যাতনের শিকার হওয়ার পরও তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান রিটন। ২০২৫ সালে তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলে আহ্বায়কের পদটি শূন্য হয়। পরে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনিকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। পরবর্তী সময়ে তিনি আহ্বায়ক হন।
এদিকে কয়েকজন নেতা বিএনপিতে যোগ দেওয়ায় গত ১৫ জুলাই মহানগর যুবদলের কমিটিতে নতুন করে আটজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এর কয়েক মাসের মাথায় ২১ নভেম্বর আবারও কমিটিতে রদবদল আনে কেন্দ্রীয় যুবদল। নতুন করে ১৩ জনকে বিভিন্ন পদে অন্তর্ভুক্ত করার পাশাপাশি কয়েকজনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। এ সিদ্ধান্ত ঘিরেই সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে আসে।
এ পরিস্থিতিতে রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে সর্বশেষ পদায়ন ও অব্যাহতির সিদ্ধান্ত বাতিলের কথা জানায় কেন্দ্রীয় যুবদল। ফলে ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই আগের সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় কেন্দ্রীয় নেতৃত্বকে।
এ বিষয়ে মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, অনেক ত্যাগী নেতা কমিটিতে জায়গা পাননি। একই কমিটিতে বারবার নতুন করে নেতাদের অন্তর্ভুক্তির ঘটনাও ঘটছে। নেতাকর্মীদের আবেগ ও ক্ষোভ থাকতেই পারে। ইতোমধ্যে কেন্দ্রীয় যুবদল এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
অন্যদিকে, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি নিজের ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘স্বার্থের লোভে পদায়িত হওয়া কিংবা পদায়িত করা কোনোটিই আমার চরিত্রের সঙ্গে যায় না।’












