• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিরোধীদলের অযৌক্তিক আন্দোলনের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ: হাবিব

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ২:৩৫
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ২:৩৫

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব অভিযোগ করেছেন, বর্তমান সংসদের বিরোধী দলগুলোর অযৌক্তিক আন্দোলন ও লংমার্চের সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগ দেশে ফেরার এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল এই সমাবেশের আয়োজন করে।

বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, আড়াই বছরের মাথায় সেই পতিত ফ্যাসিস্টের বিপক্ষে দাঁড়িয়ে আবার কথা বলতে হবে, এটা আমরা কোনো দিন চিন্তা করিনি। আমরা ভেবেছিলাম, অন্তত ১০ বছর পর তারা চিন্তাভাবনা করে মাঠে আসবে। আজকে কেন এমন হলো? কারণ, আমরা যারা একসঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছিলাম, তাদের মধ্য থেকে বর্তমান সংসদের বিরোধী দলগুলো এখন অযৌক্তিক কিছু আন্দোলন ও লংমার্চ শুরু করেছে। সেই সুযোগে আওয়ামী লীগ মনে করছে, ডিসেম্বরের আগেই তারা দেশে ঢুকে পড়বে। সে কারণেই গোপালগঞ্জ ও পাবনাসহ বিভিন্ন জায়গায় তারা সন্ত্রাস সৃষ্টি করছে।

বিগত আন্দোলনের হতাহত ও দুর্নীতির প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুই-এক জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশে ফিরে আসা যাবে না। ফিরতে হলে ১ হাজার ৪০০ শহীদের রক্তের হিসাব দিতে হবে। পঙ্গুত্ব বরণকারী ২০ থেকে ২৫ হাজার মানুষ এবং দৃষ্টিশক্তি হারানো তিন থেকে চার শ মানুষের সামনে এসে জবাব দিতে হবে। পাশাপাশি ব্যাংক লুট, টাকা পাচার, খুন ও দুর্নীতির জবাব দিয়েই তাদের ফিরতে হবে।

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ১৬ ডিসেম্বরের আগে দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, পালিয়ে যাওয়ার সময় তৎকালীন সরকারের সঙ্গে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, প্রশাসন ও অস্ত্রধারী ক্যাডাররা থাকা সত্ত্বেও তারা টিকতে পারেননি। এখন ১৬ ডিসেম্বরের আগে দেশে ফিরতে চাইলে দেশের মানুষ তাদের প্রতিহত করবে।

২০১৪ ও ২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারকে জনগণ সমর্থন দিয়েছে। অতীতে সব সুযোগ-সুবিধা থাকার পরও বিএনপি সাড়ে পনেরো বছর রাজপথে আন্দোলন করেছে।

বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে হাবিবুর রহমান হাবিব বলেন, ফ্যাসিস্টদের প্রতিহত করাকে বিএনপি বা সরকারের দুর্বলতা ভাবার কোনো কারণ নেই। লোকালয়ে হিংস্র প্রাণী প্রবেশ করলে মানুষ যেভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করে, আওয়ামী লীগ ফিরতে চাইলে সেভাবেই প্রতিহত করা হবে।

বিরোধীদের প্রতি সংলাপে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আজ আপনারা জুলাই সনদ বাস্তবায়নসহ নানা শর্ত দিচ্ছেন। মনে রাখবেন, ফ্যাসিস্টদের প্রতিহত করতে না এলে আপনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সঙ্গে নিয়ে চলতে চান এবং সে জন্য সংলাপের আহ্বান জানিয়েছেন। আপনারা সংলাপে আসুন, সবাই মিলে ফ্যাসিবাদকে প্রতিহত করি।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেন এমপি।

সমাবেশে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম