• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মির্জা ফখরুল রাষ্ট্র নিয়ে হতাশ, রাষ্ট্রপতি তো পরের বিষয়: তথ্যমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ৯:০৬
আপডেট: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ৯:০৬

 

নিউজ ডেস্ক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ কাকে রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবে সেটা কি বিএনপি ঠিক করেবে।

তিনি বলেন, ‘নতুন রাষ্ট্রপতিকে নিয়ে বিএনপি মহাসচিব হতাশা প্রকাশ করেছেন। তিনি তো রাষ্ট্র নিয়েই হতাশ, সেখানে রাষ্ট্রপতি তো পরের বিষয়।’

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে তৎকালীন পাকিস্তান সরকার প্রণীত ‘শ্বেতপত্র ১৯৭১’ ডিএফপি মুদ্রিত কপির মোড়ক উন্মোচন ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের সামগ্রিক অর্জনের ইতিহাসে একটি নতুন পালক যুক্ত হয়েছে। দেশের গণতান্ত্রিক চর্চার ইতিহাসে একজন রাষ্ট্রপতি সফলভাবে বিদায় নেওয়ার ঘটনাই নির্দেশ করে, দেশে সঠিক গণতান্ত্রিক চর্চা অব্যাহত রয়েছে। দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি একজন বিচক্ষণ মানুষ। অতীতে তিনি বিভিন্ন সংকটে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আগামীতেও রাষ্ট্র পরিচালনায় তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে আমার বিশ্বাস।’

পাকিস্তান সরকার প্রণীত ‘শ্বেতপত্র ১৯৭১’ ডিএফপি মুদ্রিত কপির মোড়ক উন্মোচনের ওই অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এখনও হচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন ডকুমেন্ট আমরা কিনে নিচ্ছি। সেগুলো সমন্বয় করা হলে আর ইতিহাস বিকৃতির সুযোগ থাকবে না।

তিনি বলেন, পাকিস্তান সরকার যে শ্বেতপত্র প্রকাশ করেছে, সেখানে বঙ্গবন্ধুর নির্দেশেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হচ্ছিল সেটা স্পষ্ট হয়েছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে বইটি সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম