• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার

প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:৩০
আপডেট: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ ৪:৩০

যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার থেকে এক দিনেই উধাও আড়াই লাখ কোটি ডলার
 

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উন্নয়নের গতি কমে যাওয়ার আশঙ্কায় গতকাল বৃহস্পতিবার এক দিনেই মার্কিন পুঁজিবাজার থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার কোটি ডলার বাজার মূলধন হাওয়া হয়ে গেছে। এর প্রভাবে বড় দরপতনের মুখে পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারও।

আজ শুক্রবার লেনদেন শুরু হওয়ার পর দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের প্রধান সূচক কেওএসপিআই প্রায় ৯ শতাংশ কমে যায়। এর ফলে দেশটির প্রধান স্টক এক্সচেঞ্জের লেনদেন ২০ মিনিটের জন্য বন্ধ রাখতে হয়েছিল।

এর আগে গতকাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে প্রযুক্তি খাতের প্রধান সূচক নাসডাক ৫ দশমিক ৫২ শতাংশ কমে যায়। গত ৬ অক্টোবর সূচকটি রেকর্ড উচ্চতায় উঠেছিল। সে তুলনায় এটি ১০ শতাংশ কমেছে।

২০২৫ সালের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর গতকালের আগপর্যন্ত নাসডাকের এত বড় দরপতন আর দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের অন্যান্য সূচকও বড় পতনের মুখে পড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ও ডাও জোনস সূচক ২০২৫ সালের এপ্রিলের পর এক দিনে এত বড় পতনের মুখে আর কখনো পড়েনি।

অথচ এর আগের দিন বুধবার মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় উত্থান দেখা গিয়েছিল। সেদিন ডাও জোনস সূচক ১ হাজার ৫৬৯ পয়েন্ট বেড়েছিল। নাসডাক বেড়েছিল ১ দশমিক ৪৪ শতাংশ। কিন্তু গতকাল ডাও জোনস সূচক ১ হাজার ৮৩৩ পয়েন্ট কমে যায়।

এ কারণে বিনিয়োগকারীরা চিপ নির্মাতা ও তথ্যকেন্দ্র নির্মাণের সরঞ্জাম সরবরাহকারী কোম্পানিগুলোর শেয়ার ব্যাপক হারে বিক্রি করে দিচ্ছেন।
বুধবার প্রধান সূচকগুলো বাড়লেও সেমিকন্ডাক্টর চিপ নির্মাতা ও এআই তথ্যকেন্দ্র নির্মাণের সঙ্গে যুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দর ছিল নিম্নমুখী। এর ফলে প্রযুক্তি খাতের শেয়ার বিক্রির হিড়িক লেগে যায়। এর প্রভাব পড়ে শেয়ারবাজারের প্রধান সূচকগুলোয়ও।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে এই দরপতনের অন্যতম কারণ টেক্সাসের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনাহোসের জয়। এআই প্রযুক্তির বিকাশে যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গুগল, মেটা, ওরাকল ও ওপেনএআইয়ের মতো প্রতিষ্ঠান সেখানে তথ্যকেন্দ্র নির্মাণে বিপুল অর্থ বিনিয়োগ করছে।

তবে নির্বাচনে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনাহোসে প্রচারের সময় অঙ্গরাজ্যে সাময়িকভাবে ডেটা সেন্টার (তথ্যকেন্দ্র) নির্মাণ বন্ধ রাখা এবং এ খাতে বিনিয়োগকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কিছু করছাড় প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

টেক্সাসের মতো যেসব অঙ্গরাজ্যে বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান তথ্যকেন্দ্র নির্মাণে বিপুল বিনিয়োগ করছে, সেখানে ডেমোক্র্যাট প্রার্থীদের জয়ের পর এআই খাতের ভবিষ্যৎ বিনিয়োগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে বিনিয়োগকারীরা চিপ নির্মাতা ও তথ্যকেন্দ্র নির্মাণের সরঞ্জাম সরবরাহকারী কোম্পানিগুলোর শেয়ার ব্যাপক হারে বিক্রি করে দিচ্ছেন।

গতকাল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ৯ দশমিক ৩ শতাংশ। চিপ নির্মাতা কোম্পানিগুলোর একটি সূচক ১২ দশমিক ৩ শতাংশ কমেছে।

প্রায় সাড়ে ছয় বছরের মধ্যে এক দিনে সূচকটি এত বড় পতন দেখেনি। এ ছাড়া ইলন মাস্কের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের দাম কমেছে ১১ শতাংশ। তাঁর মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের শেয়ারের দাম কমেছে ৯ শতাংশ।

প্রযুক্তি খাতের বড় কোম্পানিগুলোকে নিয়ে গঠিত নাসডাক–১০০ সূচকও গতকাল ৬ দশমিক ৩৬ শতাংশ কমেছে। ২০২০ সালের মার্চে করোনাভাইরাসের মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত এক দিনে এই সূচকের এত বড় পতন আর হয়নি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম