শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) মুক্তিযুদ্ধ জাদুঘরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৯ নভেম্বর সোমবার থেকে যথারীতি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে জাদুঘর।
শুক্রবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাদুঘর কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাদুঘরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে শনিবারের পরিবর্তে রবিবার সাপ্তাহিক ছুটির কারণে জাদুঘর বন্ধ থাকবে না। ফলে রবিবার দর্শনার্থীরা জাদুঘর পরিদর্শন করতে পারবেন।
এর আগে নিরাপত্তাজনিত কারণে জাতীয় চার নেতাকে স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়। গত মঙ্গলবার বিকেল ৪টায় প্রদর্শনী উদ্বোধনের কথা থাকলেও অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে এ সিদ্ধান্ত জানানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে উদ্বোধনী আয়োজন স্থগিত করা হয়েছে বলে জানান জাদুঘরের ট্রাস্টিরা।
আগারগাঁওয়ে জাদুঘরের ষষ্ঠ তলার ৬ নম্বর গ্যালারিতে ‘স্বাধীনতা সংগ্রামে জাতীয় চার নেতা’ শীর্ষক প্রদর্শনীটি ৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। এ বিষয়ে জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তাজনিত কারণে প্রদর্শনীটি বন্ধ রাখার পরামর্শ দেয়। তাদের পরামর্শ অনুসারেই উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়। শেষ মুহূর্তে এ ধরনের সিদ্ধান্ত তাদের কাছে অপ্রত্যাশিত ছিল।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, অনুমতি ছাড়া অনুষ্ঠান আয়োজন করা হচ্ছিল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পুলিশকে সহায়তা চাওয়া হয়েছিল। পরে পুলিশ সেখানে গিয়ে দেখভাল করেছে। জাদুঘর কর্তৃপক্ষই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেয়।
প্রদর্শনী সম্পর্কে ট্রাস্টি মফিদুল হক বলেন, মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব ও মুক্তিযুদ্ধকালীন জাতীয় চার নেতার ঐতিহাসিক ভূমিকা তুলে ধরতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। এটি সাধারণ জেল হত্যা দিবসের অনুষ্ঠান ছিল না।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সংগঠক সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়।












